বাড়িতে বাবার লাশ রেখে পরীক্ষাকেন্দ্রে ছেলে
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বাড়িতে বাবা মজিবর শেখের (৪৬) লাশ রেখে এসএসসি পরীক্ষা দিতে গেছে ছেলে রানা শেখ (১৬)। রোববার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত কৃষিশিক্ষা বিষয়ে পরীক্ষায় সে অংশ নেয়। সে নগরকান্দা সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি থেকে চলতি বছর ব্যবসায় শিক্ষা শাখা থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে।
রানা শেখদের বাড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলার জুঙ্গুরদি গ্রামে। দুই ভাইয়ের মধ্যে রানা ছোট। মজিবর শেখ ঢাকায় সিএনজিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ১৫ দিন আগে তিনি বাড়িতে আসেন। রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মজিবর মারা যান।
রানার ভাই হৃদয় শেখ বলেন, অভাবের কারণে তিনি বেশি পড়াশোনা করতে পারেননি। রানা নিজের ইচ্ছাশক্তির জোরে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। তাঁদের বাবার মৃত্যুতে ভবিষ্যতে কীভাবে দিন যাবে, বুঝতে পারছেন না।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বাবার মৃত্যুর খবর শুনে কয়েক সহপাঠী রানার বাড়িতে যায়। সহপাঠীরা সান্ত্বনা দিয়ে রানাকে নগরকান্দার শহীদ মুক্তিযোদ্ধা আক্রামুন্নেসা বালিকা উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে নিয়ে যায়।
পরীক্ষাকেন্দ্রের পরিদর্শক মো. কামরুজ্জামান বলেন, পুরো সময় পরীক্ষা দিয়েছে রানা। তাঁর জানামতে, রানার পরীক্ষা ভালো হয়েছে।
পরীক্ষাকেন্দ্রের সহকেন্দ্রসচিব মো. মাহাবুব আলী মিঞা বলেন, বাবা মারা যাওয়ায় ছেলেটি অনেক ভেঙে পড়েছে। পরীক্ষা চলাকালে সার্বক্ষণিক তার খোঁজখবর নেওয়া হয়েছে।
এদিকে পরীক্ষা শেষে রানা বাড়িতে ফিরে জানাজায় অংশ নেয়। পরে তার বাবার লাশ স্থানীয় জুঙ্গুর্দী ঈদগাঁ কবরস্থানে দাফন করা হয়েছে।
সরকারি এম এন একাডেমির প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া বলেন, সকালে রানার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তার মনমানসিকতা ভালো রাখতে ও ভালোভাবে পরীক্ষা সম্পন্ন করতে সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে।