১১ বছরেও বিচার না পেয়ে ক্ষুব্ধ পরিবারের সদস্যরা

এএসআই মাসুদুর রহমান ও কনস্টেবল শহিদুল ইসলামের বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। কিন্তু তাঁদের নাম অভিযোগপত্রে আসেনি।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামাল উদ্দীন

সাংবাদিক জামাল উদ্দীন হত্যার বিচার ১১ বছরেও শেষ হয়নি। চার বছর ধরে মামলাটির বিচারিক কাজ আটকে রয়েছে। কী কারণে আটকে রয়েছে, তা রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জানাতে পারেননি। এদিকে মামলার আসামিরা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। জামাল উদ্দীনের সন্তানেরা হত্যাকারীদের শাস্তি দেখতে চান।

জামাল উদ্দীনের একমাত্র ছেলে তন্ময় ইসলাম (২৮) বর্তমানে মালয়েশিয়াপ্রবাসী। বাবার হত্যাকাণ্ডের পরের বছর ২০১৩ সালে মালয়েশিয়ায় শ্রমিক ভিসায় চলে যান তিনি। মাঝেমধ্যে দেশে আসেন। চলতি বছরের শুরুর দিকে দেশে এসেছিলেন। এপ্রিলে তিনি আবার মালয়েশিয়ায় ফিরে গিয়েছেন।

মুঠোফোনে তন্ময় ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমার বাবা সাংবাদিক জামাল উদ্দীন এলাকার মাদক সিন্ডিকেট নিয়ে স্থানীয় গ্রামের কাগজ পত্রিকায় লিখতেন। যে কারণে মাদক কারবারিরা পরিকল্পিতভাবে আমার বাবাকে হত্যা করেছে। এর সঙ্গে পুলিশ সদস্যসহ এলাকার প্রভাবশালী লোকজন জড়িত রয়েছেন। ১১ বছরেও বাবার হত্যার বিচার পেলাম না। শুনেছি, আদালতে মামলাটির বিচারকাজ স্থগিত হয়ে আছে।’

তন্ময় বলেন, ‘বাবা খুন হওয়ার পর দুই বোনকে নিয়ে আমাদের খুব কষ্টের দিন কেটেছে। মা আবার বিয়ে করেছেন। বড় বোনকে এলাকায় বিয়ে দিয়েছি। ছোট বোন আমার স্ত্রী-সন্তানের সঙ্গে থাকে। বাবা না থাকায় আমাদের অনেক কষ্ট। সাত-আট বছর ধরে কোনো পত্রপত্রিকায় বাবাকে নিয়ে কোনো প্রতিবেদন লেখা হয় না। সাংবাদিকেরা কোনো খোঁজখবর নেন না। মনের দুঃখে এখন আর কারও সঙ্গে কোনো যোগাযোগ করি না।’

তন্ময় বলেন, ‘আমি আমার বাবা হত্যার বিচার চাই। বাবার খুনিদের যখন এলাকায় বুক ফুলিয়ে মোটরসাইকেল চালিয়ে ফুরফুরে মেজাজে ঘুরে বেড়াতে দেখি, তখন কিছুই করতে পারি না।’

জামাল উদ্দীন যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কাগজ পত্রিকার শার্শা উপজেলার কাশিপুর প্রতিনিধি ছিলেন। ২০১২ সালের ১৫ জুন রাতে তিনি খুন হন। এ ঘটনায় জামাল উদ্দীনের বাবা আবদুল আলিম বাদী হয়ে সাতজনকে আসামি করে শার্শা থানায় একটি হত্যা মামলা করেন।

এ বিষয়ে এর আগে প্রকাশিত প্রথম আলোর অনুসন্ধানী প্রতিবেদন থেকে জানা যায়, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীদের নাম বাদ দিয়েই পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) থেকে ২০১৩ সালের ১৭ মে অভিযোগপত্র দেওয়া হয়। মামলার এজাহারভুক্ত সাত আসামির মধ্যে পাঁচজনের নাম অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা আছে। শার্শা উপজেলার ডিহি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য রমজান আলীর নামও বাদ দেওয়া হয়েছে। আর মামলার প্রধান আসামি বজলুর রহমান পলাতক থাকা অবস্থায় আত্মহত্যা করেন। এ ছাড়া ওই সময়ে শার্শা থানার গোড়পাড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুদুর রহমান ও কনস্টেবল শহিদুল ইসলামের বিরুদ্ধে এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। কিন্তু তাঁদের নাম অভিযোগপত্রে আসেনি।

২০১৩ সালের ৭ সেপ্টেম্বর প্রথম আলোতে ‘যশোরে সাংবাদিক খুনের ঘটনায় পুলিশ জড়িত’ ও ‘পুলিশ-খুনি ফোনালাপ’ শিরোনামে দুটি প্রতিবেদন ছাপা হয়। এরপর মাসুদকে শার্শা থেকে বদলি করে মনিরামপুর থানায় এবং পরে প্রত্যাহার (ক্লোজড) করে যশোর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। শহিদুল মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরত ছিলেন। বর্তমানে ওই দুজনের অবস্থান জানা যায়নি। এরপর ২০১৩ সালের ৩ জুন প্রথম আলোতে ছাপা হয়, ‘জামাল হত্যা মামলা: অভিযোগপত্রে সেই দুই পুলিশ সদস্যের নাম নেই’।

এদিকে মামলার এজাহারভুক্ত আসামি তোতা মিয়া, তাঁর স্ত্রী লতা বেগম ও ভাই রাজু মল্লিক ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁদের জবানবন্দিতে খুনের সঙ্গে জড়িত বলে স্থানীয় শরিফুল ইসলাম, রেজাউল, আকবর, সালাম, বিশে ও মোহম্মদ আলীর নাম আসে। এই ছয়জনের নামও অভিযোগপত্রে নেই।

মামলার বাদী আবদুল আলীম ইতিমধ্যে মারা গেছেন। মামলাটি বর্তমানে দেখভাল করছেন নিহত জামাল উদ্দীনের ভাই তরিকুল ইসলাম। মামলার অগ্রগতির বিষয়ে জানতে চাইলে তরিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘মামলার সাক্ষী হিসেবে পাঁচ-ছয় জনকে আমি আদালতে হাজির করেছি। চার বছর ধরে মামলার বিষয়ে আর কোনো তারিখ পড়ে না। সাক্ষীদেরও আদালত থেকে ডাকা হয় না। রাষ্ট্রপক্ষের আইনজীবীও পরিষ্কার করে কিছুই বলেন না। যে কারণে আমরা বুঝতে পারছি না, মামলাটি কোন অবস্থায় রয়েছে।’

মামলাটির বর্তমান পরিস্থিতি জানতে চাইলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) ইদ্রিস আলী প্রথম আলোকে বলেন, ‘মামলাটি আমার নলেজে নেই। কোন পরিস্থিতিতে রয়েছে, তা খোঁজখবর নিয়ে দেখতে হবে।’