ঈদের আগে আগুনে বসতঘর হারিয়ে আড়াই শতাধিক রোহিঙ্গা বিপাকে
কক্সবাজারের টেকনাফ উপজেলার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আগুন লেগে তিনটি শিখন (লার্নিং) সেন্টারসহ ৩৯টি বসতঘর পুড়ে গেছে। এর ফলে এতে করে আড়াই শতাধিক রোহিঙ্গা ঈদের আগে বিপাকে পড়েছে। এসব রোহিঙ্গাদের এখন ঠাঁই হয়েছে বিভিন্ন শিক্ষাকেন্দ্র। কবে নাগাদ নিজের ঘরে ফিরতে পারবে, তা নিয়ে শঙ্কায় রয়েছে রোহিঙ্গা পরিবারগুলো।
গত মঙ্গলবার মধ্যরাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার ২৪ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে অগ্নিকাণ্ডে ৩৯টি পরিবারের প্রায় আড়াই শতাধিক রোহিঙ্গা ও দুটি স্থানীয় পরিবার নিজেদের বসতঘর হারিয়েছে।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মাঈন উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, আগুনের সূত্রপাত্র কীভাবে হয়েছে, তা এখনো শনাক্ত করা যায়নি। আগুনে রোহিঙ্গাদের ৩৪টি বসতঘর, স্থানীয় বাঙালি বাসিন্দাদের দুটি বসতঘর ও তিনটি শিখন সেন্টার পুড়ে ছাই হয়েছে। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। আগুনে পুড়ে যাওয়া ঘরের রোহিঙ্গা বাসিন্দাদের অন্যত্রে সরিয়ে রাখা হয়েছে।
মাঈন উদ্দিন জানান, রোহিঙ্গা শিবিরের দায়িত্বে থাকা এনজিওগুলোকে দ্রুত সময়ের মধ্যে বসতঘরগুলো পুনরায় নির্মাণ করে দেওয়ার জন্য তাগিদ দেওয়া হয়েছে। বসতঘর নির্মাণ না হওয়া পর্যন্ত ভুক্তভোগী রোহিঙ্গাদের শিক্ষাকেন্দ্রে সরিয়ে রাখা হয়েছে। তবে রোহিঙ্গা পরিবারগুলো প্রয়োজনীয় জিনিসপত্র ও ঘরের মালামাল বের করতে না পারায় তাদের আসবাবপত্রের সংকট দেখা দিয়েছে। রয়েছে খাবারে সংকটও। পুড়ে যাওয়া ঘরগুলো নতুন করে নির্মাণের ব্যবস্থা করবে আইওএম। পাশাপাশি ডব্লিউএফপি (ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম) খাদ্যের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
সরেজমিনে দেখা যায়, লেদা ২৪ নং রোহিঙ্গা শিবির আগুনে পুড়ে যাওয়ায় বিরানভূমিতে পরিণত হয়েছে। পুড়ে যাওযা ধ্বংসস্তূপ নিজেরাই সরানোর চেষ্টা করছেন ভুক্তভোগী রোহিঙ্গা পরিবারের সদস্যরা। পুড়ে যাওয়া ঘরের নিচে চাপা পড়া টাকাপয়সা ও প্রয়োজনীয় জিনিসপত্রের কিছু অংশ পাওয়া যায় কি না, তা চেষ্টা করছেন অনেক রোহিঙ্গা নারী-পুরুষ। হঠাৎ করে ঈদের আগে বসতঘর হারিয়ে নিঃসঙ্গ হয়ে পড়েছেন তাঁরা।
আগুনে ক্ষতিগ্রস্ত গৃহবধূ রহিমা খাতুন বললেন, এনজিও সংস্থা থেকে পাওয়া কিছু খাদ্যসামগ্রী বিক্রয় করে কয়েক হাজার টাকা জমিয়েছিলেন তিনি। ওই টাকায় পরিবারের তিন ছেলে ও দুই মেয়ের জন্য কিছু নতুন জামাকাপড় কিনে রেখেছিলেন। কিন্তু আগুনে ওইসব জামাকাপড়ও রক্ষা করা সম্ভব হয়নি। এখন ঈদ উপলক্ষে ছোট ছোট ছেলেমেয়ে নতুন জামাকাপড়ের জন্য কান্নাকাটি করছে। হাতে কোনো টাকাপয়সা নেই রহিমার। সন্তানদের সান্ত্বনা দেওয়ার মতো কোনো উপায় পাচ্ছেন না তিনি।
একই শিবিরের বাসিন্দা নবী হোসেন বলেন, আগুনে পুড়ে যাওয়া প্রতিটি পরিবারের মতো খাদ্যের সংকট চলছে। ঈদ চলে আসছে। ঘরে কোনো টাকাপয়সা নেই, ছেলেমেয়েদের ঈদের দিন একটু সেমাই খাওয়ানোরও উপায় নেই।
লেদা রোহিঙ্গা আশ্রয়শিবিরে ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ আলম বলেন, রোহিঙ্গারা প্রতিটি ক্ষেত্রে হারিয়ে আসছেন। স্বদেশ ছেড়ে পালিয়ে আসতে বাধ্য করে সে দেশের সেনা ও উগ্রপন্থী মগরা। তবে বাংলাদেশ সরকার এসব রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন। আশপাশের অনেক রাষ্ট্র রোহিঙ্গাদের আশ্রয় দেয়নি। রোহিঙ্গারা নিজ ভূমিতে ফিরতে চায়, আর বাংলাদেশের বোঝা হতে চায় না।
হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান, রোহিঙ্গা আশ্রয়শিবিরে আগুনের খবর পেয়ে রাতেই তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। তাঁদের জন্য উপজেলা পরিষদ থেকে বিশেষ বরাদ্দের চেষ্টা করা হচ্ছে।
এ বিষয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, আগুনে ক্ষতিগ্রস্তদের যাতে খাবারের কোনো ধরনের সমস্যা না হয়, সে জন্য খাদ্য সংস্থার মাধ্যমে রান্না করা খাবার সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি ঈদের দিন ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হচ্ছে।