প্রদর্শনীতে বউ ভোলানো, শ্রাবণী, তরফদারভোগসহ ৫০ জাতের আম
নওগাঁয় পাঁচ দিনব্যাপী আম ও আমজাত পণ্য মেলা শুরু হয়েছে। মেলায় ঠাঁই পেয়েছে অর্ধশতাধিক জাতের দেশি-বিদেশি আম ও বিভিন্ন ধরনের আমের আচার। এ ছাড়া বিভিন্ন দেশি ফলেরও প্রদর্শনী করা হয়েছে। উত্তম কৃষি অনুশীলনের মাধ্যমে আম চাষে উৎসাহিত করার লক্ষ্যে নওগাঁ জেলা প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংস্থা ঘাসফুলের সহযোগিতায় শহরের নওজোয়ান মাঠে এ মেলার আয়োজন করা হয়।
মেলায় ঘাসফুলের এসইপি (সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট) প্রকল্পের উপকারভোগীদের ২৬টি, নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ৫টিসহ মোট ৩১টি স্টলে আম্রপালি, ল্যাংড়া, বারি-৪, কাটিমন, ফজলি, হাঁড়িভাঙা, শ্রাবণী, বউ ভোলানো, বারি-১৩, গৌড়মতি, আশ্বিনা, তরফদারভোগ, মল্লিকা, সুরমা, ফজলি, নাক ফজলি, হিমসাগর, কুমরাজালি, এসইপি-২, ইন্ডিয়ান চোষা; বিদেশি জাতের আমের মধ্যে মিয়াজাকি, কিনসিংটন, চেয়াংমাই, কিউজাই, তাইওয়ান গ্রিন, রেড পালমার, ব্যানানাসহ প্রায় ৫০ প্রজাতির আম প্রদর্শনী দেখা গেছে।
মেলায় আম ও আমজাত পণ্যের প্রদর্শনীর উদ্বোধনীর দিন আলোচনা সভাও অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসেফ) সহকারী মহাব্যবস্থাপক এ কে এম জাহিরুল হক ও ঘাসফুলের উপপরিচালক জয়ন্ত কুমার বসু।
আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, আমের সঙ্গে নওগাঁবাসীর নাড়ির সম্পর্ক। বর্তমানে নওগাঁর অর্থনীতি ও সংস্কৃতিতে আমের ভূমিকা ব্যাপক। নওগাঁয় উৎপাদিত আমের ৯৫ শতাংশ আমই রপ্তানির উপযোগী। আম রপ্তানির বাধা কাটাতে পারলে শুধু নওগাঁ নয়, আম হতে পারে দেশের অন্যতম প্রধান রপ্তানিকারী কৃষিপণ্য।
পিকেএসএফ, বিশ্বব্যাংকের অর্থায়ন ও কারিগরি সহায়তায় ঘাসফুলের এসইপি প্রকল্পের অধীনে জেলার নিয়ামতপুর ও সাপাহারে উপকারভোগী কৃষি উদ্যোক্তাদের বাগানে উৎপাদিত বাহারি ও সুস্বাদু আম মেলায় প্রদর্শন করা হচ্ছে। মেলায় ঘুরতে আসা সাবিনা ইয়াসমিন নামের এক দর্শক বলেন, ‘এখানে এসে দেশ-বিদেশের নতুন নতুন জাতের আম দেখলাম। বারি-১৩, তরফদারভোগ, বিদেশি আম চিয়াংমাই, আমেরিকান পালমার, মিয়াজাকি, ব্যানানা নওগাঁর মাটিতে সম্ভাবনাময় আম হতে পারে।’
ঘাসফুলের এসইপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক কুদরতে খোদা মো. নাসের বলেন, পিকেএসএফের আর্থিক সহযোগিতায় নওগাঁর নিয়ামতপুর ও সাপাহারে সহস্রাধিক কৃষককে নিরাপদ আম উৎপাদনে প্রশিক্ষণ দিয়েছে ঘাসফুল। এ ছাড়া এসব কৃষকের উৎপাদিত আম দেশে ও বিদেশে বাজারজাতকরণে সহযোগিতা করে আসছে।