কাউন্সিলর পদে ভোটের মাঠে বিএনপির শতাধিক নেতা-কর্মী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ১ নম্বর ওয়ার্ডের বিএনপি–সমর্থিত বর্তমান কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদীর ঈদ শুভেচ্ছা ব্যানার। আজ মঙ্গলবার সকালে নগরের মিরের ময়দান এলাকায়
ছবি: আনিস মাহমুদ

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৪২টি ওয়ার্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রচার-প্রচারণা চালাচ্ছেন অন্তত ৪০০ জন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী। তাঁদের মধ্যে অন্তত ১০০ প্রার্থী বিএনপির নেতা, কর্মী ও সমর্থক। সিলেট বিএনপির গুরুত্বপূর্ণ নেতা থেকে শুরু করে তৃণমূলের কর্মী পর্যন্ত কাউন্সিলর পদের জন্য প্রচারণা চালাচ্ছেন।

সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন ওয়ার্ডের পাড়া-মহল্লায় বিএনপিপন্থী সম্ভাব্য প্রার্থীরা পোস্টার, ফেস্টুন, ব্যানার ও বিলবোর্ড সাঁটিয়েছেন। কেউবা ঈদের শুভেচ্ছাসংবলিত পোস্টারও লাগিয়েছেন। বিভিন্ন ইফতার মাহফিল ও সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে প্রার্থীরা প্রার্থিতা ঘোষণা করে ভোটারদের কাছে দোয়া চাইছেন। অনেক প্রার্থী ও তাঁদের কর্মী-সমর্থকেরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও সরব প্রচারণা চালাচ্ছেন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন প্রথম আলোকে বলেন, কেবল মেয়র পদে দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তাই এ পদে নির্বাচন করতে সবাইকে নিরুৎসাহিত করা হচ্ছে। আর কাউন্সিলর পদ যেহেতু দলীয় প্রতীকে হচ্ছে না, তাই এ পদে কারা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, সেটা বিবেচনায় আনা হচ্ছে না।

আরও পড়ুন

খোঁজ নিয়ে জানা গেছে, সিলেট সিটি করপোরেশনে বর্তমানে ৪২টি ওয়ার্ড। গত নির্বাচন হয়েছে ২৭টি ওয়ার্ডে। এর মধ্যে ৫টি সাধারণ ওয়ার্ডে এবং ১টি সংরক্ষিত ওয়ার্ডে বিএনপিপন্থীরা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন ১ নম্বর ওয়ার্ডে সৈয়দ তৌফিকুল হাদী, ৪ নম্বর ওয়ার্ডে রেজাউল হাসান লোদী কয়েস, ৬ নম্বর ওয়ার্ডে ফরহাদ চৌধুরী শামীম, ১৪ নম্বর ওয়ার্ডে নজরুল ইসলাম এবং ১৮ নম্বর ওয়ার্ডে এ বি এম জিল্লুর রহমান। এ ছাড়া সংরক্ষিত ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন সদ্য বিদায়ী সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক রোকসানা বেগম।

এবারও তাঁরা নির্বাচনে অংশ নেবেন বলে তাঁর ঘনিষ্ঠজনেরা নিশ্চিত করেছেন। এই কাউন্সিলররাসহ সিটি করপোরেশনে নতুনভাবে যুক্ত হওয়া ওয়ার্ডসহ মোট ৪২টি ওয়ার্ডে অন্তত ১০০ সম্ভাব্য সাধারণ ও নারী কাউন্সিলর প্রার্থী নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।

সিলেট নগরের ৬টি এলাকার ৯ জন ভোটার জানান, নির্বাচনের তারিখ ঘোষণার পরই সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা মাঠে নেমে পড়েছেন। ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি তাঁদের খোঁজখবরও নিচ্ছেন। কোনো প্রার্থী ভোটার ও সমর্থকদের বাড়িতে ঈদসামগ্রীও পাঠাচ্ছেন। এ ছাড়া অনেকে ভোটারদের মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে দোয়া ও আশীর্বাদ চাইছেন। সামাজিক, ক্রীড়া, সাংস্কৃতিক, ধর্মীয়—সব আয়োজনেই সম্ভাব্য প্রার্থীরা সবার আগে হাজির হচ্ছেন।

আরও পড়ুন

৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল হাসান এবং ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরহাদ চৌধুরী সদ্য বিদায়ী মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন। চারবারের নির্বাচিত কাউন্সিলর রেজাউল হাসান বলেন, কাউন্সিলর পদের নির্বাচনটি দলীয় দৃষ্টিকোণ থেকে বিবেচনায় নেওয়ার সুযোগ নেই। এ কারণে এ পদে দলীয় প্রতীকে নির্বাচন হয় না। এ পদে প্রার্থীরা ব্যক্তিগত ইমেজ নিয়েই নির্বাচনে অংশ নেন। প্রার্থীর গ্রহণযোগ্যতা সমাজে কতটুকু আছে, সেটা বিবেচনায় নিয়েই ভোটাররা দলমতনির্বিশেষে অন্তত কাউন্সিলর পদে ভোট দেন।

কাউন্সিলর ফরহাদ চৌধুরী বলেন, কাউন্সিলর পদে দলীয় প্রতীকে নির্বাচন হয় না। তাই এ পদে বিএনপির যেকোনো পর্যায়ের নেতা-কর্মীরা নির্বাচনে অংশ নিলে সেটা দলীয় প্রার্থী হিসেবে বিবেচনা করার কোনো সুযোগই নেই।

এদিকে সদ্য বিদায়ী সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী আসন্ন নির্বাচনে অংশ নেবেন বলে প্রথম আলোকে নিজেই নিশ্চিত করেছেন।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ২১ জুন ইভিএমে সিলেট সিটি করপোরেশন নির্বাচন হবে। ২৩ মে পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। মনোনয়নপত্র বাছাই হবে ২৫ মে আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১ জুন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে।