ভারী বৃষ্টিতে মাটির দোতলা বাড়ির দেয়ালে ফাটল, অপসারণের নির্দেশ মেয়রের

মাটির দোতলা বাড়িটির দেয়ালে ফাটল দেখা দেওয়ার পর চারপাশে লাল কাপড় ঝুলানো হয়েছে। আজ বেলা দুইটার দিকে চট্টগ্রাম নগরের দেওয়ানবাজারের রুমঘাটা এলাকায়ছবি: জুয়েল শীল

টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর চট্টগ্রাম নগরের দেওয়ানবাজারের রুমঘাটা এলাকায় একটি মাটির দোতলা বাড়ির দেয়ালে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা বাড়িটি দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন।

আজ শনিবার দুপুরে মেয়র ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, বাড়িটি আশপাশের মানুষের জন্য ঝুঁকি তৈরি করছে। যেকোনো সময় এটি ধসে পড়তে পারে। তাই দ্রুত ঝুঁকিপূর্ণ অংশ অপসারণ করতে হবে। পরে বাড়ির মালিক মেয়রকে জানান, তাঁরা দ্রুত ভাঙা দেয়াল সরিয়ে নেওয়ার ব্যবস্থা করবেন।

ঝুঁকিপূর্ণ বাড়িটির সামনে নোটিশও সাঁটানো হয়েছে
ছবি: জুয়েল শীল

স্থানীয় বাসিন্দারা জানান, মাটির দোতলা বাড়িটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। কয়েক দিনের ভারী বৃষ্টিতে এর দেয়ালে বড় ধরনের ফাটল দেখা দেয়। দুর্ঘটনা এড়াতে বাড়িটির সামনে ‘ঝুঁকিপূর্ণ ভবন’ লেখা সতর্কীকরণ বিজ্ঞপ্তি টাঙিয়ে দেওয়া হয়েছে।