আইপিএস রক্ষা করতে গিয়ে স্বেচ্ছাসেবক লীগ কর্মীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীফ ফকির
ছবি: সংগৃহীত

সারা দিনের বৃষ্টিতে রাতে ঘরে পানি ঢোকে। পানিতে ঘরে থাকা আইপিএস সেট তলিয়ে যাচ্ছিল। ওই আইপিএস রক্ষা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শরীফ ফকির (৩৮) নামের স্বেচ্ছাসেবক লীগের এক কর্মী মারা গেছেন।

গতকাল সোমবার দিবাগত রাতে টাঙ্গাইল শহরের সাবালিয়া পাঞ্জাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শরীফ ফকির ওই এলাকার আইনজীবী আইয়ুব আলী ফকিরের ছেলে। তিনি গত নির্বাচনে টাঙ্গাইল পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিল পদে নির্বাচন করে পরাজিত হয়েছিলেন।

আরও পড়ুন

শরীফ ফকিরের স্বজনেরা জানান, গতকাল দিবাগত রাতে সাবালিয়া পাঞ্জাপাড়া এলাকায় নিজের বাড়ির একটি ঘরে ঘুমিয়ে পড়েছিলেন শরীফ। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে গতকাল সকাল থেকে সারা দেশে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির পানিতে তাঁর আইপিএস তলিয়ে যেতে দেখে তাঁর মা-বাবা তাঁকে জানান। তখন শরীফ দ্রুত ওই ঘরে গিয়ে আইপিএস সেটটি পানি থেকে রক্ষা করতে যান এবং সঙ্গে সঙ্গে বিদ্যুতায়িত হন। স্বজনেরা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া প্রথম আলোকে বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শরীফ ফকিরের লাশ হস্তান্তর করা হয়েছে। দুপুরে সাবালিয়া দেশবন্ধু হাসপাতালের সামনে জানাজা শেষে শরীফকে টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়েছে বলে স্বজনেরা জানিয়েছেন।