উপকূল দিবস ঘোষণা ও স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি

ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রাণ হারানো লক্ষাধিক মানুষের স্মরণে ভোলায় আলোচনা সভা। বৃহস্পতিবার দুপুরে ভোলা জেলা পরিষদ মিলনায়তনেছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭০ সালের ১২ নভেম্বর ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রাণ হারানো লক্ষাধিক মানুষের স্মরণে ভোলায় আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ভোলা জেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। জেলা পরিষদ এ কর্মসূচির আয়োজন করে।

অনুষ্ঠানে বক্তারা ১২ নভেম্বরকে সরকারিভাবে ‘উপকূল দিবস’ হিসেবে ঘোষণা, মারা যাওয়া মানুষের স্মরণে ভোলায় স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণ, উপকূলীয় সবুজবেষ্টনী সংরক্ষণ এবং দুর্যোগ মোকাবিলায় আরও কার্যকর প্রস্তুতি নেওয়ার দাবি জানান।

সভায় সুশাসনের জন্য নাগরিকের (সুজন) ভোলা জেলা শাখার সভাপতি মুবাশ্বির উল্লাহ চৌধুরী বলেন, ১৯৭০ সালের জলোচ্ছ্বাসের পর উপকূল রক্ষায় সবুজবেষ্টনী গড়ে তোলা হয়েছিল। কিন্তু এখন সেই গাছ কেটে ইটভাটা ও গৃহস্থালির জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে। ভোলার গ্যাস ভোলাতেই ব্যবহার নিশ্চিত করে ইটভাটা ও বাসাবাড়িতে গ্যাস-সংযোগ দেওয়া হলে গাছ কাটা কমবে এবং উপকূলীয় বন সংরক্ষণ করা সম্ভব হবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর। প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক শামীম রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ শহিদুল্লাহ কাওছার। আরও বক্তব্য দেন জাতীয় বন্ধুজন পরিষদের সম্পাদক মিয়া মোহাম্মদ ইউনুস, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক, সদস্যসচিব রাইসুল আলম, দৈনিক আজকের ভোলার সম্পাদক শওকত হোসেন।

বিএনপি নেতা গোলাম নবী আলমগীর বলেন, ওই জলোচ্ছ্বাসের পর পাকিস্তান সরকারের উদাসীনতা তৎকালীন জনগণের ক্ষোভকে আরও তীব্র করে তোলে এবং স্বাধীনতার আকাঙ্ক্ষাকে শক্তিশালী করে। উপকূলীয় বনাঞ্চল রক্ষা করা না গেলে ভবিষ্যতে দুর্যোগের ঝুঁকি আরও বাড়বে। তাই বন রক্ষায় বিকল্প জ্বালানির ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে পালনের উদ্যোগ নেওয়া উচিত।

ভোলার মানুষের দাবিগুলো সরকারের কাছে তুলে ধরা হবে এবং দুর্যোগ মোকাবিলায় স্থানীয় জনগণের অংশগ্রহণ আরও বাড়াতে হবে বলে মন্তব্য করেন জেলা প্রশাসক শামীম রহমান।

সবশেষে জলোচ্ছ্বাসে মারা যাওয়া ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন হাফেজ মাওলানা বনি আমিন। দিবসটি স্মরণ করে বৃহস্পতিবার সকালে ভোলা জেলা শিক্ষক মিলনায়তনেও আলোচনা সভা হয়েছে।