জাজিরায় ককটেল বিস্ফোরণে যুবকের কবজি বিচ্ছিন্ন
আধিপত্য বিস্তার নিয়ে শরীয়তপুরের জাজিরার বিলাসপুর ইউনিয়নে আজ বুধবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের সময় ককটেল হামলায় এক যুবকের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। ওই সংঘর্ষের ঘটনায় আরও ৯ ব্যক্তি আহত হয়েছেন।
ককটেল হামলায় আহত যুবকের নাম সুলতান মাদবর (২৫)। তিনি জাজিরার মেহের আলী মাদবর কান্দি গ্রামের সুলতান মাদবরের ছেলে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, বিলাসপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী প্রার্থী আবদুল কুদ্দুস ব্যাপারী ও পরাজিত প্রার্থী জলিল মাদবরের সমর্থকদের মধ্যে বুধবার দুপুরে সংঘর্ষের ঘটনা ঘটে। এ নিয়ে গত দুই মাসে ওই এলাকায় চারবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের ৬০ ব্যক্তি আহত হয়েছেন।
জাজিরা থানা সূত্র জানায়, জাজিরার বিলাসপুর ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে বর্তমান চেয়ারম্যান আবদুল কুদ্দুস ও জলিল মাদবরের বিরোধ চলছে। বুধবার সকালে ওই দুই নেতার সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে দুই পক্ষ বোমার বিস্ফোরণ ঘটায়। ওই সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের ১০ ব্যক্তি আহত হয়েছেন। বোমায় মেহের আলী মাদবর কান্দি গ্রামের সুজন মাদবরের ডান কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় আহত অপর আটজনকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সংঘর্ষের সময় দুটি গ্রামে অন্তত ১০টি বসতবাড়ি ভাঙচুর করা হয়েছে।
সংঘর্ষের পর র্যাব ও পুলিশ নিয়ে ওই এলাকায় অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান। এ সময় আটজনকে আটক করে পুলিশ। তাঁদের মধ্যে চারজনকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১৫ দিন করে কারাদণ্ড দেন ইউএনও। আর বাকি চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বিলাসপুর ইউপির চেয়ারম্যান আবদুল কুদ্দুস ব্যাপারী বলেন, ‘এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে জলিল মাদবরের লোকজন ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছেন। তখন আমার লোকজন তাঁদের বাধা দেন।’
জলিল মাদবর বলেন, ‘অনেক দিন ধরে কুদ্দুস ব্যাপারীর সমর্থকেরা আমাদের ওপর জুলুম করছেন। তাঁরা সুযোগ পেলেই আমার লোকজন ও কর্মী–সমর্থকদের ওপর হামলা চালান।’
জাজিরা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, বিলাসপুরের ইউপি চেয়ারম্যান ও তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত দুই মাসে ওই দুই পক্ষ চারবার সংঘর্ষে জড়িয়েছে। তাঁদের মধ্যে কিছু ঘটলেই ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। দুই পক্ষের বিরুদ্ধে জাজিরা থানায় একাধিক মামলা রয়েছে।