প্রবাসীরা কর্মস্থলে ফিরে রেমিট্যান্স পাঠানো শুরু করলে সব ঠিক হয়ে যাবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ প্রধান অতিথির বক্তব্য দেন। শুক্রবার দুপুরে সিলেট নগরে একটি হোটেলের সম্মেলন কক্ষেছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, ২০২০-২১ থেকে ২০২১-২২ অর্থবছরে করোনার কারণে অনেক প্রবাসী সবকিছু গুটিয়ে দেশে ফিরে এসেছিলেন। এখন আবারও প্রবাসীরা বিভিন্ন দেশে তাঁদের পুরোনো কর্মস্থলে ফিরে যাচ্ছেন। তাঁরা গিয়ে রেমিট্যান্স পাঠানো শুরু করলে সবকিছু ঠিক হয়ে যাবে। শুক্রবার দুপুরে সিলেট নগরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগীয় সম্মেলনে এ কথা বলেন তিনি। নগরের মির্জাজাঙ্গাল এলাকার একটি হোটেলের কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

ইমরান আহমদ বলেন, দেশের ২০১৮-১৯ অর্থবছরেও রেমিট্যান্স ছিল ১৬ বিলিয়ন ডলার, ২০১৯-২০ অর্থবছরে ১৮ বিলিয়ন ডলার, ২০২০-২১ অর্থবছরে ২৪ বিলিয়ন ডলার ও ২০২১-২২ অর্থবছরে ২২ বিলিয়ন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। ২০২২-২৩ অর্থবছরে রেমিট্যান্সের পরিমাণ ২২ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে আশা করেন তিনি।
সম্মেলনে প্রকৌশলী সমিতির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহসভাপতি মো. উজ্জ্বল বখতের সভাপতিত্বে বক্তৃতা করেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন মজুমদার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব সরোজ কুমার নাথ, ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান প্রমুখ।

সরকার চলতি বছর নতুন করে আরও প্রায় ১৫ লাখ লোক বিদেশ পাঠানোর পরিকল্পনা নিয়েছে বলে জানান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। তিনি বলেন, মালয়েশিয়াতে নিয়মিত লোক যাচ্ছে। রোমানিয়াতে কর্মী যাওয়া শুরু হয়েছে। গ্রিসের সঙ্গে নতুন করে চুক্তি করেছে সরকার। আগামী দু-এক বছরের মধ্যে চীনসহ আরও কয়েকটি দেশে শ্রমিক–সংকট দেখা দেবে। সে সময় সুযোগ কাজে লাগাতে সরকার প্রস্তুত রয়েছে।

মন্ত্রী বলেন, নির্দিষ্ট কাজে চুক্তিবদ্ধ হয়ে অনেকে বিদেশে গেলেও সেখানে পৌঁছে কাজ ছেড়ে দিয়ে এক দেশ থেকে আরেক দেশে চলে যান। এতে দেশের বদনাম হয়। বিদেশে যাওয়ার আগে সে দেশের ভাষা ও সংশ্লিষ্ট কাজে দক্ষ হয়ে যাওয়া উচিত। এতে বেশি টাকা বেতনও পাওয়া যায়। তা না হলে সাধারণ শ্রমিক হিসেবেই কাজ করতে হয়।