দুর্ঘটনাকবলিত থেমে থাকা ট্রাকের সঙ্গে আরেক ট্রাকের ধাক্কা, চালকের সহকারী নিহত

সড়ক দুর্ঘটনাপ্রতীকী ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে দুর্ঘটনাকবলিত থেমে থাকা একটি ট্রাককে ধাক্কা দিলে আরেকটি ট্রাকের চালকের সহকারী নিহত হয়েছেন। আজ সোমবার ভোর সাড়ে চারটার দিকে নগরের কাশিয়াডাঙ্গা-আমচত্বর সড়কের খিরশন টিকর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন হোসেনের (২৬) বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায়। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রাজশাহীর শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমা মোস্তারিন।

ওসি মাসুমা মোস্তারিন জানান, গতকাল রোববার রাত পৌনে তিনটার দিকে কাশিয়াডাঙ্গা-আমচত্বর সড়কের খিরশন টিকর এলাকায় একটি ট্রাক হঠাৎ ব্রেক করলে পেছন থেকে একটি পাথরবোঝাই ট্রাক ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকটি দুমড়েমুচড়ে যায় এবং চালক গুরুতর আহত হন। তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। এরপর আজ ভোর সাড়ে চারটার দিকে ওই স্থানে দুর্ঘটনাকবলিত ট্রাকটির পেছনে আরেকটি ট্রাক এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ধাক্কা দেওয়া ট্রাকটির চালকের সহকারী সুমন হোসেন।

ওসি মাসুমা মোস্তারিন বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।