চাকরি ছেড়ে কৃষিকাজ করে সাফল্য পেলেন গাইবান্ধার কিবরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার আরাজি জামালপুর গ্রামের গোলাম কিবরিয়া কৃষিকাজে সাফল্য পেয়েছেন
ছবি: প্রথম আলো

গোলাম কিবরিয়ার (৩৬) বাড়ি গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার আরাজি জামালপুর গ্রামে। পড়াশোনা শেষ করে ছয় বছর বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। চাকরির ধরাবাঁধা জীবন, সীমিত আয়—এসব নিয়ে ভালো লাগছিল না বলে চাকরিটা ছেড়ে দেন। শুরু করেন চাষাবাদ। এখন তিনি একটি কৃষি খামার পরিচালনা করেন, যেখানে ১৫ থেকে ১৬ জন শ্রমিক কাজ করেন।

গাইবান্ধা শহর থেকে ১৭ কিলোমিটার দূরে আরাজি জামালপুর গ্রাম। সম্প্রতি সরেজমিনে দেখা যায়, নিভৃত একটি জায়গায় কিবরিয়ার ড্রাগন ফলের বাগান। জমিজুড়ে মেলেছে ড্রাগন গাছের ডালপালা। ডালের ফাঁকে নানা আকৃতির ড্রাগন উঁকি দিচ্ছে। শ্রমিকেরা জমি পরিচর্যায় ব্যস্ত। কিবরিয়া নিজেই পাকা ড্রাগন সংগ্রহ করছেন।

কিবরিয়া বলেছেন, ২০১৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত দুটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। চাকরি ছেড়ে তিনি ওই বছর জৈবপদ্ধতিতে দেড় বিঘা জমিতে ড্রাগনের চাষ করেন। ময়মনসিংহ থেকে চারা সংগ্রহ করেন। উৎপাদন খরচ পড়ে প্রায় চার লাখ টাকা। তিন বছর পর থেকে ফল পাওয়া শুরু করেন। একবার চারা লাগালে ১৫ থেকে ২০ বছর পর্যন্ত ফল পাওয়া যায়। ১৭ অক্টোবর পর্যন্ত ছয় লাখ টাকার ড্রাগন বিক্রি করেন। এর মধ্যে গত বছর দুই লাখ এবং চলতি বছর চার লাখ টাকার ড্রাগন বিক্রি করেছেন। বাগানে এখন যে পরিমাণ ড্রাগন আছে, তা এক লাখ টাকায় বিক্রি করা যাবে বলে জানান তিনি। স্থানীয় বাজারে প্রতি কেজি ড্রাগন ২৫০ থেকে ৩০০ টাকা।

কিবরিয়া বলেন, ‘জমিতে গেলে আনন্দে বুক ভরে যায়। শুধু ব্যবসার জন্য নয়, সমম্বিত কৃষির প্রতি আমার যথেষ্ট দুর্বলতা।’ আরও জানান, তাঁর সরবরাহ করা ড্রাগন দিয়ে স্থানীয় ফল ব্যবসায়ীরা লাভবান হচ্ছেন। গাইবান্ধা শহরের ডিবি রোডের ট্রাফিক মোড় এলাকার ফলের বিক্রেতা আবদুল জব্বার বলেন, ‘আগে বিভিন্ন জেলা থেকে ড্রাগন আনতে পরিবহন খরচ বেশি পড়ত। এখন সাদুল্যাপুরে কম টাকায় ড্রাগন পাওয়া যাচ্ছে। পাশাপাশি ক্রেতারা তাজা ড্রাগন কম দামে পাচ্ছেন। আমরাও লাভবান হচ্ছি।’

গোলাম কিবরিয়া ড্রাগনের পাশাপাশি দুই বিঘায় মাল্টা, দুই বিঘায় কমলা, তিন বিঘায় আম এবং ৩০ থেকে ৪০ বিঘায় কলা চাষ করেছেন। এসবের সঙ্গে সাথি ফসল হিসেবে আছে নানা জাতের শাকসবজি ও নার্সারি। বাগানের পাশেই গড়ে তোলা তাঁর খামারে আছে শতাধিক ভেড়া, ছাগল ও মুরগি। কিবরিয়ার কথা, চাকরির আয়ের চেয়ে এখন কয়েক গুণ বেশি উপার্জন হয় তাঁর। একজন বেকার যুবক চাকরির জন্য যে সময় ব্যয় করেন, সেই সময়ে এমন কোনো উদ্যোগ নিলে তিনি অনেক বেশি লাভবান হতে পারবেন। তাঁর বাগানে ১৫ থেকে ১৬ জন শ্রমিক কাজ করেন।

শ্রমিকদের একজন আরাজি জামালপুর গ্রামের সিরাজুল ইসলাম (৪৮) বলেন, ‘আগে বছরের বেশির ভাগ সময় গ্রামে কাজ থাকত না। কাজ না পাওয়ায় কষ্ট হতো। এখন কাজের নিশ্চয়তা হয়েছে। বেতনের পাশাপাশি পোশাক, চিকিৎসা সুবিধা ও ঈদ বোনাস পাচ্ছি।’

উপজেলা কৃষি কর্মকর্তা মতিউল আলম মুঠোফোনে প্রথম আলোকে বলেছেন, ড্রাগন চাষে গোলাম কিবরিয়াকে পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।
স্ত্রী তানজিনা আফরিন ও দুই মেয়ে নিয়ে গোলাম কিবরিয়ার সংসার। ড্রাগনসহ কৃষি কাজের জন্য পরিবারের সদস্যরা তাঁকে সহয়তা করেন বলে তিনি জানান।