সরাইলে ট্রাক্টর ও অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল দুই কিশোরের
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার একটি ট্রাক্টর ও যাত্রীবাহী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শাহবাজপুর-শাহজাদাপুর গ্রামীণ সড়কের যাদবপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত দুজন হলো উপজেলার শাহবাজপুর ইউনিয়নের লাল মিয়াপাড়া গ্রামের আলমগির মিয়ার ছেলে মো. আলামিন এবং একই ইউনিয়নের ধীতপুর গ্রামের ওমেলেস চন্দ্র দাসের ছেলে আপন চন্দ্র দাস।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যাটারিচালিত অটোরিকশাটি আপন চন্দ্র দাসকে নিয়ে শাহবাজপুর বাজার থেকে ধীতপুর গ্রামের দিকে যাচ্ছিল। এটি চালাচ্ছিলেন মো. আলামিন। অটোরিকশাটি যাদবপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মো. আলামিন ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত হয় আপন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন প্রথম আলোকে বলেন, ট্রাক্টরচালক পালিয়েছেন। ট্রাক্টর ও অটোরিকশা জব্দ করা হয়েছে। লাশ দুটি উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হবে।