জামালপুরে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড
জামালপুরের ইসলামপুর উপজেলায় নবম শ্রেণির এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–১–এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন শিপন (২১), ইব্রাহিম (২৭) ও ইউসুফ আলী (২২)। তাঁরা উপজেলার বেলগাছা ইউনিয়নের শিলদহ গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় তাঁরা সবাই আদালতে উপস্থিত ছিলেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, স্থানীয় এক যুবকের সঙ্গে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০২৪ সালের ১৯ এপ্রিল রাতে ওই ছাত্রীকে একটি পতিত জমির মাঠে ডেকে নেন ওই যুবক। সেখানে ওই ছাত্রীকে ধর্ষণ করেন তিনি। ওই সময় সেখানে ওত পেতে ছিলেন শিপন, ইব্রাহিম ও ইউসুফ। তাঁরা এগিয়ে গেলে ওই যুবক সেখান থেকে দৌড়ে পালান। এ সময় ওই তিনজন সংঘবদ্ধভাবে ছাত্রীটিকে ধর্ষণ করেন।
ঘটনার ১৬ দিন পর ২০২৪ সালের ৫ মে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ইসলামপুর থানায় করেন। এতে ওই চারজনকে আসামি করা হয়। শুনানি শেষে আজ তিনজনকে মৃত্যুদণ্ডের রায় দেন আদালত।
জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–১–এর সরকারি কৌঁসুলি ফজলুল হক বলেন, মামলায় ভুক্তভোগী ছাত্রীসহ নয়জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। আসামিরা সবাই ধর্ষণের বিষয়টি স্বীকার করেন। এতে অভিযোগটি প্রমাণিত হয়েছে। এ কারণে ওই তিন আসামিকে মৃত্যুদণ্ড দেন আদালত। আর ওই যুবককে খালাস দিয়েছেন আদালত।