চৌদ্দগ্রামে দেশীয় অস্ত্রসহ বিদ্যালয়ের অফিস সহকারী গ্রেপ্তার
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় দেশীয় অস্ত্রসহ একটি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার চাঁপাচৌ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওই অফিস সহকারীর নাম এনামুল হক (২৮)। তিনি উপজেলার গুণবতী ইউনিয়নের চাঁপাচৌ গ্রামের ইউসুফ আলীর ছেলে এবং চাঁপাচৌ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহকারী।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা প্রথম আলোকে বলেন, পুলিশের কাছে তথ্য ছিল এনামুলের থাকার ঘরে বেশ কিছু দেশীয় অস্ত্র আছে। গোপন সংবাদের ভিত্তিতে থানার পুলিশ দুপুরে এনামুলকে আটক করে।
ওসি শুভ রঞ্জন চাকমা আরও বলেন, গ্রেপ্তার এনামুলের দেওয়া তথ্যের ভিত্তিতে দুপুরে চাঁপাচৌ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় তলায় এনামুলের থাকার ঘরের খাটের নিচ থেকে একটি দেশীয় পাইপগান ও লম্বা ছয়টি লোহার পাইপ জব্দ করা হয়। তাঁর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা করেছে।