ঘূর্ণিঝড় ‘মোখা’ নিয়ে কক্সবাজার উপকূলের মানুষ উদ্বিগ্ন, চলছে সচেতনতামূলক প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তল ঢেউয়ের কেউ যেন ভেসে না যান, সেজন্য তৎপর লাইফগার্ড বাহিনী। আজ বৃহস্পতিবার দুপুরে সৈকতের সুগন্ধা পয়েন্টে
ছবি: প্রথম আলো

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোখা’ কক্সবাজার উপকূলে আঘাত হানতে পারে আগামী শনিবার সন্ধ্যার পর থেকে রোববার ভোরের মধ্যে। আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হচ্ছে, ঘূর্ণিঝড়টি কক্সবাজার, টেকনাফ, সেন্ট মার্টিন দ্বীপ হয়ে মিয়ানমারে আঘাত হানতে পারে। তাই ঘূর্ণিঝড় নিয়ে কক্সবাজার, উখিয়া, টেকনাফ ও সেন্ট মার্টিন দ্বীপের মানুষ দুশ্চিন্তায় আছে। তবে জেলা প্রশাসন বলছে, ঘূর্ণিঝড় মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পাশাপাশি মানুষকে সচেতন করা হচ্ছে।

জেলা প্রশাসনের পর্যটন শাখার দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ প্রথম আলোকে বলেন, ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সতর্কতা সংকেত বাড়লে সৈকতের একাধিক পয়েন্টে লাল নিশানা (পতাকা) উড়ানো হবে। তখন সমুদ্রে নেমে পর্যটকের গোসল নিষিদ্ধ করা হতে পারে।

টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম প্রথম আলোকে বলেন, ‘ঘূর্ণিঝড় মোখা যেহেতু টেকনাফ-সেন্ট মার্টিন দ্বীপে আঘাত হানতে পারে বলা হচ্ছে, তাই এখানকার লোকজনের মধ্যে ক্ষয়ক্ষতির আতঙ্কও বেশি। তবে আমরা ইতিমধ্যে প্রতিটা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে লোকজনকে সচেতন করার কাজ শুরু করেছি। অর্ধশতাধিক ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রস্তুত করেছি। বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানও খোলা রাখা হয়েছে। ঘূর্ণিঝড়ের অবস্থা ও পরিস্থিতি দেখে লোকজনকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে আনা হবে।’

আরও পড়ুন

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, আজ বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক আছে। প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। সকাল থেকে কোনো বাতাস ও বৃষ্টি নেই। তবে ঘূর্ণিঝড় সম্পর্কে লোকজনকে সচেতন করা হচ্ছে।

প্রস্তুত ৫৭৬ আশ্রয়কেন্দ্র, ধারণক্ষমতা পাঁচ লাখ

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সম্ভাব্য ঘূর্ণিঝড় মোকাবিলায় জেলার টেকনাফ, উখিয়া, মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া, চকরিয়া, ঈদগাঁও, রামু ও কক্সবাজার সদর উপজেলাতে ৫৭৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। উপকূল ও দূর্গত এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার জন্য অন্তত ১০ হাজার স্বেচ্ছাসেবী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রের ধারণক্ষমতা প্রায় পাঁচ লাখ ছয় হাজার। প্রতিটি আশ্রয়কেন্দ্রে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি থাকবে।

কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান প্রথম আলোকে বলেন, ‘ঘূর্ণিঝড়টি যেহেতু কক্সবাজারের দিকে আঘাত হানার কথা বলা হচ্ছে, সেহেতু প্রস্তুতিও আগেভাগে নিতে হচ্ছে। ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছি। এখন দুর্গত এলাকার লোকজনকে সরিয়ে আনতে প্রয়োজনীয়সংখ্যক যানবাহন ও সরঞ্জাম সংগ্রহের চেষ্টা চলছে।’

আরও পড়ুন

দুর্যোগের প্রস্তুতির বিষয়ে জেলা প্রশাসক আরও বলেন, দুর্যোগকালীন সময়ের জন্য ১০ লাখ ৩০ হাজার টাকা, ৪৯০ মেট্রিক টন চাল, ১৯৪ বান্ডিল ঢেউটিন, ৫ হাজার প্যাকেট শুকনা খাবার প্রস্তুত রাখা হয়েছে। লোকজনকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার জন্য ঘূর্ণিঝড় প্রস্তুতি কমিটির (সিপিপি) ৮ হাজার ৬০০ জন স্বেচ্ছাসেবী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রোভার স্কাউট সদস্য, ফায়ার সার্ভিসসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও অন্তত দেড় হাজার সদস্যকে ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে। উদ্ধার তৎপরতায় নৌবাহিনী ও কোস্ট গার্ডের রেসকিউ টিম, রেসকিউ বোট, মেডিকেল টিম ও কমান্ডো প্রস্তুত রাখা হবে।

এদিকে রোহিঙ্গা আশ্রয়শিবিরগুলোয় শুকনা খাবার, বিশুদ্ধ পানির ব্যবস্থা, গর্ভবতী মহিলা, শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য পৃথক ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল।

দাবদাহ অপরিবর্তিত

কয়েক দিনের মতো আজ সকাল থেকে কক্সবাজারে দাবদাহ পরিস্থিতি বিরাজ করছে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সমুদ্রসৈকত এলাকায় এই চিত্র দেখা গেছে। তবে মাঝেমধ্যে উত্তর দিক থেকে দমকা হাওয়া ছুটলেও দিনের বেশির ভাগ সময় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে।

বেলা সাড়ে ১১টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে নেমে দেখা যায়, সমুদ্রের ঢেউয়ের উচ্চতা স্বাভাবিকের চাইতে এক থেকে দেড় ফুট বৃদ্ধি পেলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ভ্রমণে আসা পর্যটকদের অন্যান্য দিনের মতোই সমুদ্রের পানিতে নেমে গোসল করতে দেখা গেছে।

বেসরকারি লাইফগার্ড প্রতিষ্ঠান ‘সি সেফ’-এর সুপারভাইজার সিফাত সাইফুল্লাহ প্রথম আলোকে বলেন, দুপুর ১২টা পর্যন্ত পরিস্থিতি আগের মতোই স্বাভাবিক রয়েছে। তবে তীব্র গরম অনুভূত হচ্ছে। ঝড়-বৃষ্টির লক্ষণ দেখা যাচ্ছে না। তবে পানির পরিস্থিতি কিছুটা পরিবর্তন হচ্ছে। ঢেউগুলো এলোমোলাভাবে আসছে। ঢেউয়ের উচ্চতা কিছুটা বাড়ছে বলে মনে হচ্ছে। প্রচণ্ড গরমে ১০ হাজারের বেশি পর্যটক সৈকতে গোসল করছেন।

কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র আবহাওয়াবিদ আবদুর রহমান প্রথম আলোকে বলেন, দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঘূর্ণিঝড় মোখা কক্সবাজার উপকূল থেকে ১ হাজার ২২০ কিলোমিটার দূরে দক্ষিণ-পশ্চিম দিকে অবস্থান করছে। এখন ২ নম্বর সতর্কতা সংকেত চলছে। তবে পরিস্থিতি বিবেচনায় সংকেত আরও বাড়তে পারে।