৫০ হাজার টাকার জন্য বৃদ্ধকে হত্যা, দুই ভাইসহ তিনজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৃত্যুদণ্ড
প্রতীকী ছবি

জয়পুরহাটের সদর উপজেলার পশ্চিম পারুলিয়া গ্রামের আবদুর মজিবর রহমান হত্যা মামলায় দুই ভাইসহ তিনজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আজ সোমবার দুপুরে দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আব্বাস উদ্দিন এ রায় দেন। জয়পুরহাট জেলা দায়রা ও জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) নৃপেন্দ্রনাথ মণ্ডল প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।

সাজা পাওয়া আসামিরা হলেন জাফর হোসেন (৩৮) ও আমিনুর ইসলাম (৩৫) ও লুৎফর রহমান। এর মধ্যে জাফর হোসেন ও আমিনুর ইসলাম আপন ভাই। তাঁদের বাড়ি জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম পারুলিয়া গ্রামে। লুৎফর রহমানের (৪৫) বাড়ি পাঁচবিবি উপজেলার তেলিহার গ্রামে। তবে তাঁরা পলাতক রয়েছেন।

 মামলার সংক্ষিপ্ত বিবরণী সূত্রে জানা গেছে ২০০৭ সালের ১৭ ডিসেম্বর সদর উপজেলার পশ্চিম পারুলিয়া গ্রামে মজিবর রহমান তাঁর নিজ বাড়ির শোবার ঘরে একাই ঘুমিয়ে ছিলেন। ওই দিন রাত আনুমানিক আড়াইটার দিকে তিনজন ডাকাত বাড়ির প্রাচীর টপকে মজিবরের ঘরে ঢুকে  তাঁকে ছুরিকাঘাত করে প্রায় ৫০ হাজার টাকা লুট করে নিয়ে। এ সময় মজিবর রহমানের চিৎকারে পাশের ঘরে থাকা তাঁর দুই ছেলে আবদুর রাজ্জাক ও এরশাদ তাঁদের শোবার ঘর থেকে বের হয়ে দুজন ডাকাতদের ঝাপটে ধরে ফেলেন। এই সময় অপর ডাকাত এরশাদকে ছুরিকাঘাত করে তাঁর দুই সহযোগীকে ছাড়িয়ে নিয়ে পালিয়ে যান। এই সময় রাজ্জাক ও এরশাদের চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে মজিবর রহমান ও তাঁর ছেলে এরশাদকে উদ্ধার করে জয়পুরহাট জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকেরা বৃদ্ধ মজিবর রহমানকে মৃত ঘোষণা করেন।  

এ ঘটনায় নিহতের ছেলে আবদুর রাজ্জাক বাদী হয়ে ২০০৭ সালের ১৯ ডিসেম্বর জয়পুরহাট সদর থানায় একটি হত্যা মামলা করেন। ২০০৮ সালের ২৮ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা ও জয়পুরহাট সদর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) রায়হান হোসেন আদালতে তিন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেন। ১৫ জুন মামলার শুনানি শেষ করা হয়। আজ দুপুরে এ মামলার রায় ঘোষণা করেন আদালত।