লক্ষ্মীপুরে আ.লীগের সম্মেলন শুরু, নেতা-কর্মীদের সরব উপস্থিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হলুদ রঙের পোশাকে আওয়ামী লীগের সম্মেলনে নেতা-কর্মীরা। আজ সকালে রামগতি সড়কে
ছবি: প্রথম আলো

সাত বছর পর আজ মঙ্গলবার লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হচ্ছে। জেলা স্টেডিয়ামে আয়োজিত এ সম্মেলনে যোগ দিতে কমলা, হলুদ, সবুজ, সাদাসহ নানা রঙের পোশাকে এসেছেন নেতা-কর্মীরা। সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীর ছবি সংবলিত আলাদা আলাদা রঙের টি-শার্ট ও ক্যাপ পরেছেন তাঁরা। সকাল থেকে এসব কর্মী-সমর্থকেরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সম্মেলনস্থলে জড়ো হয়েছেন।

সম্মেলন সামনে রেখে লক্ষ্মীপুর তোরণ, ব্যানার আর ফেস্টুনের শহরে পরিণত হয়েছে। সম্মেলনের সাফল্য চেয়ে ও অতিথিদের স্বাগত জানিয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগ নেতা-কর্মীরা শহরের বিভিন্ন স্থানে দুই শতাধিক তোরণ, হাজার হাজার ব্যানার-ফেস্টুন ও প্রদর্শনী বোর্ড স্থাপন করেছেন।

কমলা রঙের পোশাকে আওয়ামী লীগের সম্মেলনে নেতা-কর্মীরা। আজ সকালে রামগতি সড়কে
ছবি: প্রথম আলো

আজ সকালে সম্মেলনস্থলে দেখা যায়, বর্তমান জ্যেষ্ঠ সহসভাপতি শফিকুল ইসলামের সমর্থক নেতা-কর্মীরা সাদা রঙের টি-শার্ট ও ক্যাপ পরেছেন। সভাপতি প্রার্থী মো. শাহজাহানের সমর্থকেরা হলুদ টি-শার্ট ও ক্যাপ, সাধারণ সম্পাদক প্রার্থী ও লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরীর সমর্থকেরা কমলা টি-শার্ট ও ক্যাপ এবং পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়ার সমর্থকেরা সবুজ টি-শার্ট ও ক্যাপ পরেছেন। এ ছাড়া অন্য সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের কর্মী-সমর্থকেরাও বিভিন্ন রঙের টি-শার্ট পরে এসেছেন।

ছবি সংবলিত এসব টি-শার্টে ‘প্রিয় নেতার’ পক্ষ থেকে লক্ষ্মীপুরের জনগণকে শুভেচ্ছা। ‘প্রিয় নেতাকে’ সভাপতি বা সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চাই লেখা আছে।

আজ দুপুরে এ সম্মেলন শুরু হয়। এতে উদ্বোধক হিসেবে থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রধান অতিথি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম, বিশেষ অতিথি মোফাজ্জল হোসেন চৌধুরী এবং প্রধান বক্তা হিসেবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ উপস্থিত থাকবেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।