লাউয়াছড়ায় তেলবাহী ওয়াগন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ ব্যাহত

তেলবাহী ওয়াগন ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। আজ শুক্রবার বিকেলে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানেছবি: প্রথম আলো

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় তেলবাহী ট্রেনের একটি ওয়াগন লাইনচ্যুত হওয়ায় সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ সাড়ে ৫ ঘণ্টা বন্ধ ছিল। শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে ওয়াগন লাইনচ্যুতের ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, সিলেট থেকে চট্টগ্রামগামী একটি তেলবাহী ট্রেন লাউয়াছড়া এলাকায় পৌঁছালে এর একটি ওয়াগন লাইনচ্যুত হয়। সিলেটের সঙ্গে দেশের রেল যোগাযোগ একক লাইনের মাধ্যমে পরিচালিত হওয়ায় ওই পথে অন্য কোনো ট্রেন চলাচল করতে পারছে না। ফলে সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

পরে শুক্রবার রাত ৯ টার দিকে লাইনচ্যুত হওয়া ট্রেনটি উদ্বার করে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে নিয়ে আসলে পুনরায় রেল যোগাযোগ চালু হয়।

এদিকে দীর্ঘক্ষণ ঢাকা থেকে ছেড়ে আসা জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন সাতগাও রেলওয়ে স্টেশন ও শ্রীমঙ্গল স্টেশনে আটকা থাকে। এতে করে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

ট্রেনের যাত্রী ফারহানা বলেন, সিলেট রুটের ট্রেনে যাতায়াত করতে গেলেই কোনো না কোনো সমস্যার মুখোমুখি হতে হয়। কখনো ট্রেন দেরি করে, কখনো লাইন সমস্যা, আবার কখনো দুর্ঘটনার কারণে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয়। আজও একই ভোগান্তির শিকার হলেন। ঢাকা থেকে সিলেট সড়কপথে যেমন দুর্ভোগ, এখন রেলপথেও যাত্রীদের একই ধরনের কষ্ট সহ্য করতে হচ্ছে। নিয়মিত যাত্রীদের জন্য এটি খুবই হতাশাজনক।

শমশেরনগর রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার রজত কুমার রায় বিকেল সাড়ে ৫টায় প্রথম আলোকে বলেন, তেলবাহী ট্রেনের একটি ওয়াগন লাইনচ্যুত হওয়ায় আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উদ্ধারকাজের জন্য কুলাউড়া থেকে হাইড্রোলিক টুলভ্যান আনা হচ্ছে। বর্তমানে জয়ন্তিকা এক্সপ্রেস সাতগাঁও স্টেশনে আটকা রয়েছে। উদ্ধারকাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শাখাওয়াত হোসেন রাতে প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর উদ্ধারকাজে কুলাউড়া থেকে হাইড্রোলিক টুলভ্যান আনা হয়। রাত ৯টার দিকে লাইনচ্যুত ওয়াগনটি উদ্ধার করে পুনরায় লাইনে তুলে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে নিয়ে আসা হয়। পরে সিলেটের উদ্দেশ্যে আটকে থাকা জয়ন্তিকা এক্সপ্রেস ছেড়ে যায়।