শেরপুরে ঘরে আগুন লেগে ঘুমের মধ্যে একজনের মৃত্যু
বগুড়ার শেরপুর উপজেলায় ঘরে আগুন লেগে ঘুমের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার সুঘাট ইউনিয়নের চকপাহাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ব্যক্তির নাম বদিউজ্জামান (৫০)। তিনি চকপাহাড়ি গ্রামের বাসিন্দা ছিলেন।
বদিউজ্জামানের ছেলে আবদুল মতিন বলেন, ৮-৯ বছর ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন তাঁর বাবা। টিনের ঘরে বিছানায় তাঁর বাবা রাতে একাই ঘুমিয়ে ছিলেন। পাশের ঘরে ছিলেন তাঁর মা ও তাঁর স্ত্রী। ভোর সাড়ে ৪টার দিকে আগুন দেখতে পেয়ে প্রতিবেশীরা আগুন নেভাতে আসেন। আগুন নিয়ন্ত্রণে আনার পর দেখা গেল বাবা পুড়ে মারা গেছেন।
শেরপুর উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা নাদির হোসেন প্রথম আলোকে বলেন, মশার কোয়েলের আগুন থেকে ঘরে আগুনের সূত্রপাত হতে পারে। আগুনে দদ্ধ হয়ে ওই ব্যক্তি মারা গেছেন। আগুনে একটি টিনের ঘর ও ঘরে থাকা সব জিনিসপত্র পুড়ে গেছে। এতে অন্তত ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। লাশটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে।