রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়রসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমানছবি: প্রথম আলো

মেঘনা ব্যাংক থেকে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমানসহ আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার দুপুরে রংপুরের সিনিয়র স্পেশাল জেলা জজ আদালতে মামলাটি দায়ের করেন রংপুর সমন্বিত জেলা দুর্নীতি দমন কার্যালয়ের উপপরিচালক শাওন মিয়া।

মামলা দায়ের করার বিষয়ে শাওন মিয়া সাংবাদিকদের বলেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা পরস্পর যোগসাজশে মেঘনা ব্যাংকের চার কোটি টাকার বেশি অর্থ আত্মসাৎ করেছেন। তদন্তে তাঁদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা নিশ্চিত হয়ে এ মামলা দায়ের করা হয়েছে।

রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান জাতীয় পার্টির কো–চেয়ারম্যান ও রংপুর মহানগর কমিটির সভাপতি। তিনি ছাড়াও মামলায় অন্য আসামিরা হলেন ঠিকাদারি প্রতিষ্ঠান রাকিব ব্রাদার্সের স্বত্বাধিকারী আবদুর রাকিব, মুক্তি প্রকৌশল সংস্থার মালিক এ টি এম ফুয়াদ হোসেন, রফিকুল ইসলাম, মেঘনা ব্যাংক রংপুর শাখার সাবেক ব্যবস্থাপক মাহফুজুল ইসলাম, সহকারী ব্যবস্থাপক এ কে এম শফিকুল মমতাজ, জ্যেষ্ঠ কর্মকর্তা আতিকুর রহমান ও এভিপি মঞ্জুর হোসেন পাটোয়ারী।

মামলার সার্বিক পর্যালোচনায় বলা হয়েছে, সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান দায়িত্বরত থেকে কার্যাদেশ প্রাপ্ত ঠিকাদারের অনুকূলে মেঘনা ব্যাংক বরাবর চেক ইস্যু করা নিশ্চয়তা প্রদান করা সত্ত্বেও আসামিদের সঙ্গে যোগসাজশে তা করেননি। তাঁরা অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে নিজে লাভবান হয়ে অথবা অন্যকে লাভবান করার উদ্দেশ্যে মেঘনা ব্যাংকের ৪ কোটি ২৬ লাখ ৭৫ হাজার ৫০৩ টাকা পরিশোধ না করে আত্মসাতে সহযোগিতা করে।

এ বিষয়ে জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও মোস্তাফিজুর রহমানের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।