হরিরামপুরে প্রধান শিক্ষককে পেটালেন ছাত্রলীগ নেতা
চাঁদা না পেয়ে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ধূলশুড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিদ মাহমুদ ইসলামের বিরুদ্ধে এক শিক্ষককে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবারের এ ঘটনায় শুক্রবার থানায় মামলা করেছেন ভুক্তভোগী আলতাফ হোসেন (৫৪)। তিনি উপজেলার ইব্রাহিমপুর ঈশ্বরচন্দ্র উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক।
বিদ্যালয় সূত্রে জানা যায়, বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানের নামে প্রধান শিক্ষক আলতাফ হোসেনের কাছে চাঁদা দাবি করে আসছিলেন ছাত্রলীগের নেতা তানজিদ মাহমুদ। তবে টাকা দিতে অস্বীকার করলে ছাত্রলীগের নেতা প্রধান শিক্ষকের ওপর ক্ষিপ্ত হন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা তিনটার দিকে মোটরসাইকেলে করে বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর শুভ্র দত্তকে নিয়ে প্রধান শিক্ষক উপজেলা সদরে অগ্রণী ব্যাংকে যাচ্ছিলেন। পথে মোহনপুর এলাকায় মোটরসাইকেলের সামনে এসে গতি রোধ করেন ছাত্রলীগের নেতা তানজিদসহ তাঁর ছয় থেকে সাতজন সহযোগী। এ সময় তাঁরা প্রধান শিক্ষক আলতাফ হোসেনকে মারধর ও লাঠি দিয়ে পেটান। তাঁকে রক্ষা করতে গেলে কম্পিউটার অপারেটর শুভ্র দত্তকেও মারধর করা হয়। প্রধান শিক্ষকের পাঞ্জাবির পকেট থেকে ৫ হাজার ৫০০ টাকা, হাতঘড়ি ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে হামলাকারীরা সেখান থেকে চলে যান। পরে স্থানীয় লোকজন তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষকের করা মামলায় ছাত্রলীগের নেতা তানজিদ মাহমুদ ও তাঁর সহযোগীকে আসামি করা হয়েছে। এ মামলায় মো. নয়ন নামের এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য বলেন, শিক্ষকের ওপর হামলার ঘটনায় তানজিদ মাহমুদসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বাদী আলতাফ হোসেন বলেন, ছাত্রলীগের নেতা তানজিদ তাঁর বিদ্যালয়েরই প্রাক্তন ছাত্র। অনুষ্ঠানের নামে বিভিন্ন সময় তাঁর কাছে তানজিদ চাঁদা দাবি করে আসছিল। এ ছাড়া বিদ্যালয়ের সীমানাপ্রাচীরের বাইরে ঝালমুড়ি বিক্রেতাদের বসতে দিতে বলা হয়। এসবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত ছিলেন তানজিদ ও তাঁর সহযোগীরা। এসবের জের ধরে হামলার শিকার হয়েছেন বলে জানান আলতাফ হোসেন।
অভিযোগের বিষয়ে তানজিদ মাহমুদের বক্তব্য পাওয়া যায়নি। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর মুঠোফোনে একাধিকবার কল করা হলে সংযোগ বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাত কুরাইশী ওরফে সুমন বলেন, শিক্ষকের ওপর ছাত্রলীগের কেউ যদি হামলা করে থাকলে দল থেকে তাঁকে বহিষ্কার করা হবে।