গাড়ি চুরির জন্য চালকের খাবারে ঘুমের ওষুধ মিশিয়েছিলেন যাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল সোমবার থেকে আজ মঙ্গলবার ভোর পর্যন্ত এ হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
ছবি: প্রথম আলো

ফরিদপুরে ভাড়ায় চালিত কারের চালক মো. উজ্জ্বলের (৫০) হত্যারহস্য উদ্‌ঘাটনের দাবি করেছে পুলিশ। পূর্বপরিকল্পিতভাবে উজ্জ্বলের পূর্বপরিচিত কয়েকজন যাত্রীবেশে গাড়িটি ভাড়া করেছিলেন। পরিকল্পনা অনুযায়ী, উজ্জ্বলের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে তাঁকে অচেতন করে ফেলা হয়। পরে উজ্জ্বলকে ছুরিকাঘাতে হত্যার পর তাঁর লাশ সড়কের পাশের খালে ফেলে গাড়িটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে নিজ কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. শাহজাহান এসব তথ্য জানান। এর আগে গতকাল সোমবার থেকে আজ মঙ্গলবার ভোর পর্যন্ত এ হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে চারজনকে পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডের বিষয়ে এসব তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ।

১৯ এপ্রিল দুপুর ১২টার দিকে ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের গাজনা-মথুরাপুর ইট বিছানো ফিডার সড়কের মথুরাপুর গ্রামের মান্দারতলা খালের পাড় থেকে চালক মো. উজ্জ্বলের লাশ উদ্ধার করে পুলিশ। উজ্জ্বল সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার তুয়ারডাঙ্গা গ্রামের জুবায়ের হোসেনের ছেলে। তবে উজ্জ্বল পরিবার নিয়ে ঢাকার আশুলিয়া এলাকায় বাস করতেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, হত্যার ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে দুজন সরাসরি হত্যায় অংশ নেন। তাঁরা হলেন ঢাকার আশুলিয়া এলাকার নূর মোহাম্মদ ওরফে তপু (৩৩) ও গোপালগঞ্জের কাশিয়ানীর বাগঝাপ গ্রামের সাব্বির মোল্লা (১৯)। গ্রেপ্তার অন্য দুজন হলেন কাশিয়ানীর বাগঝাপ গ্রামের রানা মোল্লা (২২) ও মেহেরপুরের গাংনী উপজেলার হাড়ভাঙ্গা গ্রামের মুজিবুল ইসলাম ওরফে সাইফ (৩০)। এর মধ্যে চালককে হত্যার পর গাড়িটি চালিয়ে নিয়ে যাওয়ার জন্য সাব্বিরকে ভাড়া করা হয়েছিল। এ ছাড়া গাড়িটি বিক্রির সঙ্গে জড়িত ছিলেন মুজিবুল।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. শাহজাহান বলেন, হত্যাকাণ্ডের মূল হোতা নূর মোহাম্মদ ও আরাফাত। তাঁরা পূর্বপরিকল্পনা অনুযায়ী, ১৮ এপ্রিল গোপালগঞ্জের কাশিয়ানীতে যাওয়া-আসার কথা বলে উজ্জ্বলের গাড়ি ভাড়া করেন। পথে কাশিয়ানী থেকে তাঁদের সঙ্গে যোগ দেন সাব্বির। কাশিয়ানী থেকে ফেরার পথে মাঝিগাতি এলাকায় তাঁরা ইফতার করেন। এ সময় পানীয়ের সঙ্গে চালককে ঘুমের ওষুধ খাওয়ানো হয়। পরে ফরিদপুরের বোয়ালমারীর মাঝকান্দি এলাকায় গিয়ে উজ্জ্বলকে গলায় রশি ফাঁস দিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়। কিছু সময় পর মধুখালীর মথুরাপুর গ্রামের মান্দারতলা খালের পাড় এলাকায় উজ্জ্বলের লাশ সড়কের পাশের খালে ফেলে গাড়িটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পুলিশ সুপার বলেন, লাশ উদ্ধারের পর পুলিশ তদন্ত শুরু করে। পরে তথ্যপ্রযুক্তির সূত্র ধরে গতকাল দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর গ্রাম থেকে নূর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়। এর তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল দিবাগত রাত দুইটার কাশিয়ানীর বাগঝাপা গ্রাম থেকে সাব্বির শেখ ও রানা মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ। সর্বশেষ আজ ভোরে মধুখালী রেলগেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মুজিবুল ইসলামকে। এর আগে জিপিএস ব্যবহার করে ১৯ এপ্রিল রাতে ঢাকার কাফরুল এলাকার একটি গ্যারেজ থেকে ছিনতাই হওয়া গাড়িটি উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. এমদাদ হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপস) শেখ আব্দুল্লা বিন কালাম, সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম, মামলার তদন্ত কর্মকর্তা মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) চম্পক বড়ুয়া প্রমুখ।
মধুখালী থানার ওসি মো. শহীদুল ইসলাম বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রী মঞ্জুয়ারা আক্তার বাদী হয়ে ১৯ এপ্রিল রাতে মধুখালী থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন।

এর মধ্যে আজ বিকেলে ফরিদপুরের ৪ নম্বর আমলি আদালতের বিচারক গৌর সুন্দর বিশ্বাসের কাছে নূর মোহাম্মদ, সাব্বির শেখ ও রানা মোল্লা হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি শেষে আদালত তাঁদের কারাগারে পাঠিয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) চম্পক বড়ুয়া বলেন, গ্রেপ্তার আরেক আসামি মুজিবুল ইসলাম আদালতে জবানবন্দি দেননি। তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। পরে প্রয়োজন হলে তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত আরেক ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।