ফেনীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রেনে কাটা পড়ে মৃত্যু
প্রতীকী ছবি

ফেনীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি (৪৬) নিহত হয়েছেন। তাঁর নাম-পরিচয় জানা যায়নি। আজ সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ফেনীর অদূরে আলোকদিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে। দুপুরে রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ফেনী রেল পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ সকালে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনীর অদূরে আলোকদিয়া এলাকায় এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। বিষয়টি তাঁরা পার্শ্ববর্তী ফেনী রেলস্টেশনের মাস্টার ও ফেনী রেলস্টেশন পুলিশ ক্যাম্পে জানান। খবর পেয়ে রেলওয়ের পুলিশ ওই স্থানে পৌঁছে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে।

ফেনী রেলস্টেশনে দায়িত্বরত রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আমজাদ আলী চৌধুরী বলেন, রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট ও চট্টগ্রাম-চাঁদপুর রেলপথে অনেকগুলো ট্রেন চলাচল করেছে। কোন ট্রেনে এই ব্যক্তি কাটা পড়েছেন, তা সুনির্দিষ্ট করে জানা যায়নি। তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় লাকসাম জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা করার প্রস্তুতি চলছে।