রাজশাহীতে পৃথক দুই দুর্ঘটনায় একজনের মৃত্যু, আহত ১২
রাজশাহীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ১২ জন। আজ বুধবার সকালে রাজশাহী নগর ও মোহনপুর উপজেলায় পৃথক দুটি দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আসাদুল ইসলাম (৩৮)। তিনি রাজশাহীর মোহনপুর উপজেলার হাটরা গ্রামের তজের মন্ডলের ছেলে।
পুলিশ জানায়, আজ সকাল সাড়ে ছয়টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের হাটরা এলাকায় একটি অটোরিকশা যাত্রী নিয়ে দাঁড়িয়ে ছিল। এ সময় একটি বালুভর্তি ট্রাক এসে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আসাদুল ইসলাম নিহত হন। এ সময় অটোরিকশার আরও চার যাত্রী আহত হন। আহত ব্যক্তিদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম বাদশা বলেন, দুর্ঘটনার পর চালক ট্রাক ফেলে পালিয়েছেন। নিহত আসাদুলের লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে সকাল আটটার দিকে নগরের কাদিরগঞ্জ এলাকায় একটি মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় মাইক্রোবাসটি কাদিরগঞ্জ এলাকার গ্রেটার রোড মসজিদের দেয়ালে ধাক্কা লেগে উল্টে যায়। এতে মাইক্রোবাসের আট যাত্রী আহত হন। পরে তাঁদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতাল পুলিশ বক্সে দায়িত্বরত কনস্টেবল হাসান মাহমুদ বলেন, পাবনার আমিনপুর থেকে মাইক্রোবাস নিয়ে আট ব্যক্তি ভারতীয় ভিসার আবেদন জমা দিতে রাজশাহীতে এসেছিলেন। মাইক্রোবাস উল্টে তাঁরা আহত হলে স্থানীয় লোকজন তাঁদের হাসপাতালে নিয়ে আসেন। তাঁদের মধ্যে দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। তবে অন্য ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন।