চাঁদপুরে ইউপি চেয়ারম্যানের বাড়িতে ‘ককটেল’ বিস্ফোরণ, কাফনের কাপড় ও চিরকুট পাঠিয়ে হুমকি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাশপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মফিজুল ইসলাম ঢালীছবি: সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাশপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক দলের নেতা মফিজুল ইসলাম ঢালীর বাড়িতে ‘ককটেল’ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তাঁর বাড়িতে কাফনের কাপড় ও সঙ্গে হাতে লেখা একটি চিরকুট রেখে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে।

গতকাল সোমবার রাত ১১টার দিকে উপজেলার এখলাশপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে মতলব উত্তর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওই ইউপি চেয়ারম্যান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

ইউপি চেয়ারম্যান, স্থানীয় লোকজন, প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল রাত ১১টার দিকে উপজেলার এখলাশপুর ইউপির চেয়ারম্যান মফিজুল ইসলাম ঢালী ওরফে মুন্না ঢালী ও তাঁর পরিবারের লোকজন বাড়িতে ঘুমিয়ে ছিলেন। এ সময় হঠাৎ বাড়ির উঠানে বিকট শব্দ হলে তাঁরা ঘর থেকে বের হয়ে সেখানে বিস্ফোরণের আলামত ও ধোঁয়া দেখতে পান। বাড়ির উঠানের একপাশে তাঁরা একটি ঝুড়িতে রাখা কাফনের কাপড়, একটি গোলাপজল, আতর ও আগরবাতি দেখতে পান। সঙ্গে একটি চিরকুটও দেখেন।

হত্যার হুমকি পাওয়ার পর ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম ঢালী বিষয়টি পুলিশকে জানালে গতকাল রাতেই থানা-পুলিশের একটি দল সেখানে যায় এবং আলামত সংগ্রহ করে।

মফিজুল ইসলাম অভিযোগ করেন, পূর্বশত্রুতার জেরে তাঁর রাজনৈতিক প্রতিপক্ষ এ ঘটনা ঘটাতে পারে বলে মনে করছেন। তবে কে বা কারা এটি করেছেন তা এখনো নিশ্চিত করে বলতে পারছেন না। বাড়িতে ককটেল বিস্ফোরণ হওয়া, চিরকুটে হত্যার হুমকি দেওয়া এবং তাঁর কাছে কাফনের কাপড় পাঠানো—এসব ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় আছেন। নিরাপত্তা চেয়ে আজ থানায় জিডি করার প্রস্তুতি নিচ্ছেন।

মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ঘটনার পরই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। আলামতগুলো সংগ্রহ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িত ব্যক্তি বা ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে একটি জিডি প্রক্রিয়াধীন। তিনি দাবি করেন, ককটেল নয়, সেখানে চকলেট বোমা বা আতশবাজির বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন।