পাওনা টাকা নিয়ে বিরোধে সিরাজগঞ্জে ব্যবসায়ীকে ‘কুপিয়ে হত্যা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

সিরাজগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ইউফুস আলী (৩৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার চক কোবদাসপাড়া এলাকায় প্রতিপক্ষের লোকজন ইউসুফ আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

নিহত ইউসুফ আলী মহল্লার পৌর এলাকার চক কোবদাসপাড়া এলাকার ঘুতু শেখের ছেলে। ইউসুফ আলী মূলত আড়তে কাঁচামালের ব্যবসা করতেন। এ ছাড়া তিনি সুদের বিনিময়ে মানুষকে টাকা ধার দিতেন।

পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, সম্প্রতি ইউসুফ আলী একই এলাকার মমিনুল ইসলাম ওরফে বড় গ্যাদা নামের এক ব্যক্তিকে সুদের ওপর কিছু টাকা ধার দিয়েছিলেন। গতকাল রাতে ওই টাকা নিয়ে দুজনের মধ্যে কথা–কাটাকাটি হয়। স্থানীয় লোকজনের দাবি, কথা–কাটাকাটির একপর্যায়ে মমিনুল ইসলাম ধারালো অস্ত্র দিয়ে ইউসুফ আলীকে কুপিয়ে আহত করে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন ইউসুফকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে ইউসুফের মৃত্যু হয়।

অভিযুক্ত মমিনুল ইসলাম ওই এলাকার সফর আলীর ছেলে। এ ঘটনার পর থেকে তিনি পলাতক। তাই অভিযোগের বিষয়ে মমিনুলের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, খবর পেয়ে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।