আনোয়ারায় ছাত্রশিবিরের দুই নেতার ওপর হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে, রাতে বিক্ষোভ

চট্টগ্রামের আনোয়ারায় ছাত্রশিবিরের দুই নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে কলেজ ছাত্রদলের বিরুদ্ধে। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। তবে ছাত্রদল এ অভিযোগ অস্বীকার করেছে। এ ঘটনার প্রতিবাদে রাতে বিক্ষোভ করেছে ছাত্রশিবির।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বেলা দেড়টার দিকে উপজেলার জয়কালী বাজারের গনি মার্কেট এলাকায় আনোয়ারা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আলী হোসেন (২৫) ও আনোয়ারা সরকারি কলেজ শিবিরের সভাপতি মিসকাতুল ইসলামকে (২৪) কয়েকজন যুবক পথরোধ করেন। একপর্যায়ে তাঁদের মারধর করে টেনেহিঁচড়ে কলেজ ক্যাম্পাসে নিয়ে যাওয়া হয়। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত ব্যক্তিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।

আহত মিসকাতুল ইসলাম বাদী হয়ে কলেজ ছাত্রদলের কর্মী তারেক জিয়া (২৫), মো. শাওন (২২), মো. মাহিন (২৩), মো. সিফাত (২২), মো. জাবেদ (২২) নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

মিসকাতুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘এক শিক্ষার্থীর ভর্তির প্রক্রিয়া শেষে বাজারে ফেরার সময় ছাত্রদলের সভাপতি বোরহান উদ্দিন ও ছাত্রদল নেতা জুয়েল আমাদের ডেকেছে বলে জোরপূর্বক কলেজ ক্যাম্পাসে নিয়ে যেতে চান ছাত্রদলের কর্মীরা। যেতে অস্বীকৃতি জানালে আমাদের মারধর করা হয়।’

তবে আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. বোরহান উদ্দিন বলেন, ‘এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আজ কলেজে এমন কোনো ঘটনা ঘটেনি। তবে বাইরে কী হয়েছে আমি জানি না।’

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, শিবির নেতাদের সঙ্গে হাতাহাতির ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় গতকাল রাত আটটার দিকে উপজেলার কালাবিবির দীঘি এলাকায় বিক্ষোভ করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রশিবির।