কুলাউড়ায় নৌকাডুবিতে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

মৌলভীবাজারের কুলাউড়ায় হাকালুকি হাওরে মাছ ধরতে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজ বাবুল মিয়ার (৫৫) লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে হাওরে তাঁর লাশ ভেসে ওঠে। বাবুলের বাড়ি উপজেলার ভূকশিমইল ইউনিয়নের বাদে ভূকশিমইল গ্রামে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাবুল শখের বশে প্রতিবেশী আজিজুর রহমানকে (৫০) নিয়ে গতকাল বুধবার বিকেলের দিকে মাছ ধরতে নৌকায় করে হাকালুকি হাওরে যান। হাওরের চিলারকান্দি এলাকার পশ্চিম দিকে তাঁরা জাল টেনে মাছ ধরছিলেন। সন্ধ্যা সাতটার দিকে ঝোড়ো বাতাসে তাঁদের নৌকাটি ডুবে যায়। এ সময় আজিজুর সাঁতরে চিলারকান্দি গ্রামের একটি বাড়িতে গিয়ে ওঠেন। তবে বাবুলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। খবর পেয়ে আত্মীয়স্বজনসহ এলাকার লোকজন কয়েকটি নৌকায় করে ঘটনাস্থলে ছুটে গিয়ে তাঁর সন্ধান পাওয়ার চেষ্টা চালান।

আজ সকালে সিলেট থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় উদ্ধারকাজ শুরু করে। এ অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলের প্রায় ২৫০ মিটার দূরে বাবুলের লাশ ভেসে ওঠে।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ভূকশিমইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিজুর রহমান মনির মুঠোফোনে প্রথম আলোকে বলেন, নিহত বাবুলের লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।