৯৯৯ নম্বরে কল পেয়ে দুই দেয়ালের মাঝে আটকা পড়া গরু উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই দেয়ালের মাঝে আটকা পড়া গরুটি। বুধবার ব্রাহ্মণবাড়িয়া শহরের বাগানবাড়ি এলাকায়
ছবি: প্রথম আলো

ব্রাহ্মণবাড়িয়ায় দুই দেয়ালের মাঝে একটি গরু আটকা পড়ার পর জরুরি সেবা নম্বর ৯৯৯–এ কল করে বিষয়টি জানানো হয়। এরপর ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে ওই দেয়াল ভেঙে গরুটি উদ্ধার করেন। আজ বুধবার সকাল নয়টার দিকে জেলা শহরের বাগানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস স্টেশনের অগ্নিনির্বাপক এহসান উল আলম প্রথম আলোকে বলেন, ‘৯৯৯ নম্বরে কল পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেয়াল ভেঙে আটকে থাকা গরুটি উদ্ধার করা হয়। খুব বেশি সময় লাগেনি। একটি প্রাণীকে উদ্ধার করতে পেরে ভালো লাগছে।’

স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে শহরের মুন্সেফপাড়ার বাসিন্দা রিদওয়ান আনসারির বাড়ির পেছন থেকে দুটি গরু হারিয়ে যায়। রিদওয়ান শহরের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে একটি গরু পেলেও অপরটি পাচ্ছিলেন না। একপর্যায়ে স্থানীয় ব্যক্তিদের কাছে জানতে পারেন, অপর গরুটি শহরের বাগানবাড়ি এলাকার রাসেল আহমেদের বাড়ির দুই দেয়ালের মাঝখানে আটকে পড়েছে। এরপর জরুরি সেবা নম্বর ৯৯৯–এ কল দেন রিদওয়ান। কল পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের সদস্যরা রাসেল আহমেদের বাড়িতে গিয়ে দেয়ালের একটা অংশ যন্ত্র দিয়ে ভেঙে অক্ষত অবস্থায় গরুটি উদ্ধার করেন।

বাগানবাড়ির বাসিন্দা রাসেল আহমেদ বলেন, ‘দেয়াল ভাঙায় আমার সামান্য ক্ষতি হলেও গরুটি অক্ষত অবস্থায় উদ্ধার করা গেছে দেখে ভালো লাগছে।’

এ বিষয়ে গরুর মালিক রিদওয়ান আনসারি বলেন, ‘৯৯৯ নম্বরে কল করার পর ফায়ার সার্ভিসের সদস্যরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে দেয়াল ভেঙে গরুটি উদ্ধার করেন। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।’