পটুয়াখালীতে গভীর নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

লাশপ্রতীকী ছবি

পটুয়াখালীর দশমিনা উপজেলায় গভীর নলকূপ বসানোর কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চার শ্রমিক আহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার রণগোপালদী ইউনিয়নের চরঘুনী এলাকার শানু হাওলাদারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন দশমিনা উপজেলার খলিশাখালী গ্রামের মো. বেল্লাল হোসেন (৪০) ও কলাতলা গ্রামের মো. ইউসুফ মিয়া (২৮)। আহত ব্যক্তিরা হলেন পূর্ব আলীপুর গ্রামের মো. রাকিব হোসেন, খলিশাখালী গ্রামের মো. আবদুর রহমান এবং পাতারচর গ্রামের দুই ভাই মারুফ ও রনি সরদার।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার সাত থেকে আটজন শ্রমিক শানু হাওলাদারের বাড়িতে গভীর নলকূপ (টিউবওয়েল) স্থাপনের কাজ করতে যান। এ সময় তাঁরা নলকূপ বসানোর কাজে ব্যবহৃত লোহার পাইপ দিয়ে কলাম তৈরির জন্য একটি পাইপ দাঁড় করান। হঠাৎ বাড়ির আঙিনায় থাকা বিদ্যুতের তারের সঙ্গে ওই লোহার পাইপটির সংস্পর্শ হলে বিকট শব্দ হয়। শ্রমিকেরা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারদিকে ছিটকে পড়েন।

ঘটনাস্থলেই বেল্লাল হোসেন ও ইউসুফ মিয়ার মৃত্যু হয়। পরে বাড়ির লোকজন ও স্থানীয় ব্যক্তিরা হতাহত ব্যক্তিদের উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বেল্লাল ও ইউসুফকে মৃত ঘোষণা করেন। পাশাপাশি আহত চার শ্রমিককে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে নিহত ব্যক্তিদের পরিবার ময়নাতদন্ত করাতে অনাগ্রহ প্রকাশ করায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।