তারাকান্দায় আওয়ামী লীগের কার্যালয়ে বৈষম্যবিরোধীদের বিক্ষোভ, আগুন
ময়মনসিংহের তারাকান্দায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গিয়ে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীরা। বৃহস্পতিবার রাত ৮টার বিক্ষোভের সময় পোড়া কার্যায়লটির ভেতরে টায়ার দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং দেয়ালের ইট ভাঙচুর করা হয়।
এর আগে বৃহস্পতিবার সকালে পুড়িয়ে দেওয়া আওয়ামী লীগের কার্যালয়ে ব্যানার ও জাতীয় পতাকা টাঙিয়েছিলেন কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতা-কর্মীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৭টার দিকে ১০ সদস্যের একটি দল তারাকান্দা বাসস্ট্যান্ড এলাকায় শহীদ মিনারের সামনে ভাঙা-পোড়া কার্যালয়ে ঢুকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার পর দ্রুত স্থান ত্যাগ করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
চব্বিশের গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের তিনতলাবিশিষ্ট কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছিলেন জনতা। দীর্ঘদিন ধরে সেটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। বৃহস্পতিবার ভোরে সেই কার্যালয়ে ঢুকে কার্যক্রম চালুর ঘোষণা দেন কয়েকজন। তবে তাঁরা দ্রুত বক্তব্য দিয়ে স্থান ত্যাগ করেন।
এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষোভ তৈরি হয়ে বৈষম্যবিরোধী আন্দোলন ও এনসিপি নেতৃবৃন্দের। আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে কার্যালয়টির ভেতরে গিয়ে বিক্ষোভ করা হয়। এ সময় পোড়া কার্যায়লটির ভেতরে টায়ার দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং দেয়ালের ইট ভাঙচুর করা হয়। পরে বিক্ষোভকারীরা তারাকান্দা থানায় গিয়ে জড়িত সবাইকে গ্রেপ্তারের দাবি জানান।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী আল নূর আয়াস, জাতীয় যুব শক্তির জেলা যুগ্ম আহ্বায়ক, এনসিপির ময়মনসিংহ জেলা কমিটির সদস্য মাসুদ রানা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলার যুগ্ম সদস্যসচিব তৌহিদ আহমেদ প্রমুখ ছিলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী আল নূর আয়াস বলেন, ‘আওয়ামী লীগ প্রকাশ্যে কার্যাক্রম শুরু করেছে দেখে আমরা সেখানে গিয়ে স্টিকারগুলো ছিঁড়ে আগুন দিয়েছি, দেয়াল ভেঙেছি। কার্যালয়টির একটি গেট ছিল সেখানেও তালা দিয়েছি।’ তিনি আরও বলেন, ‘আমরা থানায় গিয়ে পুলিশকে বলে এসেছি নিষিদ্ধ সংগঠনের যারা আছে তাদের যেন গ্রেপ্তার করা হয়।’
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, রাতে আগুন দিলেও নিজে থেকেই নিভে গেছে আগুন। টায়ার যতক্ষণ জ্বলেছে ততক্ষণ আগুন ছিল। তার জন্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি, ফায়ার সার্ভিসও লাগেনি। আওয়ামী লীগ কোনো কার্যক্রম করতে পারবে না, এখানে কোনো ফ্যাসিস্ট দাঁড়াতে পারবে না।