দুবাইয়ে ভিসার মেয়াদ বৃদ্ধি নিয়ে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে: প্রবাসীকল্যাণমন্ত্রী
দুবাইয়ের শ্রমবাজার নিয়ে মিস ইনফরমেশন (ভুল তথ্য) আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, দুবাইয়ে ভিসার মেয়াদ বৃদ্ধি নিয়ে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে। আশা করা হচ্ছে, সপ্তাহখানেকের মধ্যে বিষয়টি নিয়ে স্পষ্ট অবস্থান জানা যাবে এবং সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরের ইসকন মন্দিরে রথযাত্রা মহোৎসবের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।
আরিফুল হক চৌধুরী বলেন, বিশ্বের সম্ভাবনাময় যেসব দেশে জনশক্তি রপ্তানির সুযোগ আছে, সেসব শ্রমবাজার উন্মুক্ত করতে সরকার কাজ করছে।
চা–শ্রমিকদের জীবনমান নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তাঁদের জন্য মানসম্মত বাসস্থান, চিকিৎসাসেবা ও সন্তানদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সরকার কাজ করছে। চা–শ্রমিকদের নগদ মজুরির পাশাপাশি বাসস্থান, রেশন, চিকিৎসাসহ বিভিন্ন সুবিধা দেওয়া হয়। পরিবারের কোনো সদস্য কর্মক্ষম না থাকলে একই পরিবারের অন্য সদস্যকে চাকরির সুযোগ দেওয়ারও একটি দীর্ঘদিনের প্রথা আছে।
মন্ত্রী আরও বলেন, প্রতি তিন বছর অন্তর মালিকপক্ষ ও শ্রমিকপক্ষের আলোচনার মাধ্যমে মজুরি পুনর্নির্ধারণ করা হয়। সাম্প্রতিক ঈদুল ফিতর ও ঈদুল আজহায় সব চা–শ্রমিক উৎসব ভাতা পেয়েছেন বলেও তিনি দাবি করেন। শ্রমিকবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।
এর আগে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) আয়োজিত রথযাত্রা মহোৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মন্ত্রী। অনুষ্ঠানে ভক্ত-অনুরাগী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও সুধীজনেরা অংশ নেন।
ইসকন বাংলাদেশের সহসভাপতি শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের ঐতিহ্যই এ দেশের শক্তি। সব ধর্মের মানুষ যেন নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সেই পরিবেশ বজায় রাখতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসকন বাংলাদেশের রিসলভের চেয়ারম্যান যুগধর্ম দাস, ক্রাইসিস ম্যানেজমেন্টের চেয়ারম্যান ঋষিকেশ গৌরাঙ্গ দাস, অতিরিক্ত জেলা প্রশাসক নুরেন জামান চৌধুরী, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এনামুল হক এবং জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমেদ সিদ্দিকী। স্বাগত বক্তব্য দেন ইসকন সিলেট ইয়ুথ ফোরামের সমন্বয়ক দেবর্ষি শ্রীবাস দাস ব্রহ্মচারী।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে শ্রীশ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রার রথযাত্রার শুভসূচনা করা হয়। হরিধ্বনির মধ্য দিয়ে ভক্তরা রথ টানেন। এ সময় দেশ, জাতি ও বিশ্বমানবতার শান্তি, কল্যাণ ও সম্প্রীতি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। পরে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
আয়োজকেরা জানান, রথযাত্রা উপলক্ষে আগামী ৯ দিন ধর্মীয় আলোচনা, কীর্তন, প্রসাদ বিতরণসহ বিভিন্ন কর্মসূচি চলবে।