রিটার্নিং কর্মকর্তার সাক্ষাৎ পেলেন না ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে অপেক্ষা করছেন মেয়র প্রার্থী মুরশিদ আলম ফারুকী
ছবি: সংগৃহীত

নিজের পরিচয় না দিয়ে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেনের কার্যালয়ে ঢোকার জন্য প্রায় ৩০ মিনিট ধরে দরজার বাইরে অপেক্ষা করেন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুরশিদ আলম ফারুকী। তবে শেষ পর্যন্ত ভেতরে ঢোকার অনুমতি না পেয়ে তিনি ফিরে গেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটেছে। দেলোয়ার হোসেন সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সামনে দাঁড়িয়ে ছিলেন মেয়র প্রার্থী মুরশিদ আলম ফারুকী। এ বিষয়ে তিনি বলেন, তাঁর জাতীয় পরিচয়পত্রে নামের আগে ‘হাফেজ’ লেখা আছে। এটি বাদ দেওয়ার জন্য প্রায় সাত মাস আগে তিনি আবেদন করেছেন। অনলাইনে দেখেছেন, তাঁর নতুন স্মার্টকার্ড প্রস্তুত হয়েছে। সেটা নেওয়ার জন্য আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেনের সঙ্গে দেখা করতে হবে। গতকাল বুধবারও তিনি এসেছিলেন। তখন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা তাঁর দপ্তরে ছিলেন না।

আজ ফিরে যাওয়ার কারণ জানতে চাইলে মুরশিদ আলম বলেন, ‘আধা ঘণ্টার ওপরে দাঁড়িয়ে ছিলাম। কিন্তু দেখা করার সুযোগ পেলাম না। পিয়ন বলছে, স্যার খুব ব্যস্ত। ওদিকে নির্বাচনের হলফনামা প্রস্তুতের কারণে আমাকে আইনজীবীর কাছে যেতে হবে। সে জন্য চলে যাচ্ছি।’

পরিচয় না দিয়ে অপেক্ষা করার ব্যাপারে মুরশিদ আলম বলেন, ‘পরিচয় কেন দেওয়া লাগবে? এটা সরকারি অফিস। আমি এখানে সেবা নিতে এসেছি। আমি পরিচয় দিইনি। আজ হয়নি, অন্য দিন আবার আসব।’

এ বিষয়ে জানতে চাইলে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, ‘আমার বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই এসেছিলেন তাঁর সঙ্গে একটু কথা বলছিলাম।’ মেয়র প্রার্থী মুরশিদ আলম ফিরে যাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘উনি কেমন মেয়র প্রার্থী যে পরিচয় দিতে পারলেন না? উনি কেন পিয়নের কথায় দাঁড়িয়ে থাকবেন? উনি সরাসরি আমার দপ্তরে ঢুকে যাবেন। ওই সময় একজন সাংবাদিক এলেন, তো তিনি আসতে পারলেন না। এটা কোনো কথা।’