কুমিল্লা জেলা পরিষদ
অর্ধেকের বেশি প্রার্থী ব্যবসায়ী ও ঠিকাদার
জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১ জন, সাধারণ সদস্য পদে ৫৪ জন ও সংরক্ষিত (মহিলা) সদস্য পদে১৮ জন প্রার্থী হয়েছেন।
কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে অর্ধেকের বেশি প্রার্থী ব্যবসায়ী ও ঠিকাদার। নির্বাচনে মোট ৭৩ প্রার্থীর মধ্যে ১৬ জন স্নাতকোত্তর (এমএ) পাস। মনোনয়নপত্র দাখিলের সময় দেওয়া হলফনামা ঘেঁটে এ তথ্য পাওয়া গেছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১ জন, সাধারণ সদস্য পদে ৫৪ জন ও সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ১৮ জন প্রার্থী হয়েছেন। আগামী সোমবার সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
হলফনামার তথ্য অনুযায়ী, প্রার্থীদের মধ্যে ১৬ জন স্নাতকোত্তর, ১৬ জন এইচএসসি, ১৫ জন স্নাতক, ৭ জন অষ্টম শ্রেণি, ৬ জন এসএসসি পাস। এ ছাড়া চারজন এলএলবি, দুজন এমবিএ, একজন বিবিএ পাস, পাঁচজন স্বশিক্ষিত ও একজন পল্লিচিকিত্সক।
সংরক্ষিত ওয়ার্ডের ১৮ প্রার্থীর মধ্যে ১ জন স্বশিক্ষিত, ১ জন অষ্টম শ্রেণি পাস, ৩ জন এসএসসি পাস, ৫ জন এইচএসসি পাস, ৩ জন বিএ (স্নাতক), ৩ জন এমএ (স্নাতকোত্তর) ও ২ জন এলএলবি ডিগ্রিধারী।
সাধারণ ওয়ার্ডের প্রার্থীদের মধ্যে স্বশিক্ষিত ৪ জন, অষ্টম শ্রেণি পাস ৬ জন, এসএসসি পাস ৩ জন, এইচএসসি পাস ১১ জন। এ ছাড়া ১২ জন বিএ, ১ জন বিবিএ, ১৩ জন এমএ, ১ জন এলএলবি, ২ জন এমবিএ ডিগ্রিধারী। ডিএইচএমএস (পল্লিচিকিৎসক) আছেন একজন। কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান বাবলুর শিক্ষাগত যোগ্যতা এলএলবি পাস।
এদিকে প্রার্থীদের পেশার মধ্যে ৩৮ জন ব্যবসায়ী, ৬ জন ঠিকাদার, ৫ জন আইনজীবী, ৪ জন কৃষিজীবী, ৩ জন অবসরপ্রাপ্ত শিক্ষক, ২ জন চাকরিজীবী, ২ জন শিক্ষক ও ৭ জন গৃহিণী। এ ছাড়া একজনের পেশা রাজনীতি ও একজন পেশার কলামে ‘প্রযোজ্য নয়’ উল্লেখ করেছেন। চেয়ারম্যান পদপ্রার্থী মফিজুর রহমান বাবলুর পেশা ব্যবসা।
কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, স্থানীয় সরকারের যতগুলো পর্যায়ে কুমিল্লায় নির্বাচন হয়েছে, তার মধ্যে জেলা পরিষদের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা অপেক্ষাকৃত বেশি। শিক্ষিত প্রার্থীরা এখানে বেশি প্রার্থী হয়েছেন। নির্বাচিত জনপ্রতিনিধিরা এখানে ভোট দেবেন।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লা জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর মাসুম বলেন, রাজনীতি বহু আগে থেকেই ব্যবসায়ী ও ঠিকাদারদের হাতে চলে গেছে। তাঁরাই সমাজ নিয়ন্ত্রণ করেন। এ কারণে ব্যবসায়ী ও ঠিকাদার প্রার্থীর সংখ্যা অর্ধেকের বেশি।
রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, এখানকার প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা অপেক্ষাকৃত ভালো। তবে ব্যবসায়ী ও ঠিকাদার পেশার প্রার্থী বেশি।