এসএসসি পরীক্ষায় অংশ নিতে বাড়ি ফিরছিল কিশোর, চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে মৃত্যু
ঠাকুরগাঁওয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে সোহাগ আলী (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে সদর উপজেলার আখানগর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সোহাগ আলী আখানগরের চতুরাখোর গ্রামের আমিনুল ইসলামের ছেলে। এবার তার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস রাত সাড়ে ৯টার পর ঠাকুরগাঁও স্টেশনে পৌঁছায়। সেখান থেকে ট্রেনটি ওঠে সোহাগ। এরপর আখানগর রেলস্টেশন এলাকায় পৌঁছালে সোহাগ চলন্ত অবস্থায় নামার চেষ্টা করে। এ সময় সে ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
ঠাকুরগাঁও রোড রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার মোস্তাফিজুর রহমান বলেন, নিহত কিশোর একতা এক্সপ্রেসের যাত্রী ছিল। ট্রেনটি আখানগর স্টেশনে থামে না। তারপরও সে চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা করছিল, তখনই দুর্ঘটনাটি ঘটে। পরে তার লাশ উদ্ধার করে সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সোহাগের বাবা আমিনুল ইসলাম জানান, গতবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েও উত্তীর্ণ হতে পারেনি সোহাগ। পরে দিনাজপুরের ঘোড়াঘাটে একটি মুরগির খামারে কাজ নেয় সে। সেখান থেকেই ট্রেনে ফিরছিল সে। সোহাগ কাজের ফাঁকে পড়াশোনা চালিয়ে যাচ্ছিল। আগামী মঙ্গলবার শুরু হওয়া এসএসসি পরীক্ষায় অংশ নিতে সে বাড়ি ফিরছিল।
দিনাজপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফখরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাতেই লাশ উদ্ধার করে। এ ঘটনায় জিআরপি থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।