নাটোরে মহাসড়কে নাইট্রোজেনবাহী ট্রাকে বিস্ফোরণ, সাদা ধোঁয়ায় পথচারীদের আতঙ্ক

বড়াইগ্রামে নাইট্রোজেনবাহী ট্রাকে বিস্ফোরণের পর আশপাশের এলাকা সাদা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। মঙ্গলবার সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কেছবি: প্রথম আলো

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে তরল নাইট্রোজেনবাহী একটি ট্রাক বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ছয়টার দিকে বনপাড়া এলাকার মোল্লা হোটেল-সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনার পর নাইট্রোজেনবাহী ট্রাকে থাকা গ্যাস নির্গত হয়ে আশপাশের ৩০০–৪০০ মিটার এলাকা সাদা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এ সময় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, তরল নাইট্রোজেন বহনকারী একটি গাড়ি যশোরের বেনাপোল থেকে ঢাকায় যাচ্ছিল। বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বাইপাস এলাকার মোল্লা হোটেলের সামনে পৌঁছানোর পর বিস্ফোরিত হয়। গাড়িতে প্রায় ৭০ লাখ টাকার তরল নাইট্রোজেন গ্যাস ছিল। যার প্রায় পুরোটাই বেরিয়ে যায়।

মোল্লা হোটেলের মালিক শাহেদ আলী মোল্লা প্রথম আলোকে বলেন, ট্রাকটি হোটেলের সামনে দাঁড়িয়ে ছিল। হঠাৎ ছিদ্র হয়ে বিকট শব্দে বিস্ফোরণ হয়। মুহূর্তের মধ্যে সাদা কুয়াশার মতো ঘন গ্যাস আশপাশের ৩০০ থেকে ৪০০ মিটার এলাকায় ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে তাঁরা দ্রুত নিরাপদ দূরত্বে সরে যান এবং ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন।

পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও হাইওয়ে পুলিশের যৌথ তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এর আগে গত ২৫ জুলাই একই মহাসড়কের তরমুজ পাম্প এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নাইট্রোজেনবাহী আরেকটি ট্রাক উল্টে গিয়েছিল।