নরসিংদীতে স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীতে স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। নিহত রেশমী আক্তার (২৫) ও তাঁর ছেলে ফাহিম মাহমুদ
ছবি: সংগৃহীত

নরসিংদীতে স্ত্রী ও ১৬ মাস বয়সী ছেলেকে গলা কেটে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নরসিংদী আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন ফখরুল ইসলাম (৩১)। তিনি নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের পশ্চিম ঘোড়াদিয়া এলাকার মো. সাইফুল্লাহর ছেলে। আদালত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মা-ছেলে হলেন রেশমী আক্তার (২৫) ও ১৬ মাস বয়সী ফাহিম মাহমুদ। বাদীপক্ষের আইনজীবী আসাদুজ্জামান বলেন, ১৪ মাসের মধ্যে বিচারকাজ শেষ করা হয়েছে। এত অল্প সময়ে হত্যা মামলার রায় ঘোষণার ঘটনা বিরল।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৩ ডিসেম্বর রাতে নরসিংদী সদরের পশ্চিম ঘোড়াদিয়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে নরসিংদী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা–ছেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় এবং আসামিকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় নিহত রেশমীর বাবা পারভেজ মিয়া বাদী হয়ে ফখরুল ইসলামকে একমাত্র আসামি করে মামলা করেন।

আদালত সূত্রে জানা গেছে, এই মামলায় গত বছরের ২০ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ফখরুল ১৬৪ ধারায় স্ত্রী-সন্তানকে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। মামলার শুনানিতে ১১ জন আদালতে সাক্ষী দেন। তাঁদের মধ্যে আসামির পরিবারের সদস্যরাও ছিলেন।

আসামিপক্ষের আইনজীবী রোজিনা আক্তার বলেন, তাঁরা ন্যায়বিচার পাননি। দ্রুততম সময়ে উচ্চ আদালতে আপিল করবেন।