কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে পড়ে ছিল দুজনের লাশ
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় কুমিল্লা-নোয়াখালী মহাসড়ক থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার লালমাইসংলগ্ন বড় ধর্মপুর এলাকায় মহাসড়ক থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে, মহাসড়কের এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার সময় অজ্ঞাত গাড়ির চাপায় তাঁরা নিহত হয়েছেন।
নিহতেরা হলেন কুমিল্লার বরুড়া উপজেলার শিলমুড়ি উত্তর ইউনিয়নের দিঘলগাঁও এলাকার জাহাঙ্গীর হোসেন (৫০) ও ফরিদ মিয়া (৬০)। তাঁরা পেশায় পাইপমিস্ত্রি ছিলেন।
পুলিশ ও পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল সাতটার দিকে বরুড়া উপজেলার দিঘলগাঁও থেকে কাজের উদ্দেশ্যে বের হন ফরিদ ও জাহাঙ্গীর। তাঁরা বড় ধর্মপুর এলাকায় মহাসড়ক পার হতে গিয়ে অজ্ঞাতনামা দ্রুতগতির যানবাহনের চাপায় মারা যান। এ সময় তাঁদের পাশে থাকা একটি মুঠোফোন থেকে পরিবারের সদস্যদের কল দেন স্থানীয় লোকজন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
লাকসাম হাইওয়ে পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদুল আলম ভূঁইয়া বলেন, তাঁদের দুজনের নাড়িভুঁড়ি বেরিয়ে গেছে। ধারণা করা হচ্ছে, যানবাহনের ধাক্কায় তাঁরা মারা গেছেন। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।