পীরগঞ্জে মা–মেয়ে হত্যায় গ্রেপ্তার আসামির বাড়ি পুড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা

রংপুরের পীরগঞ্জে মা–মেয়েকে হত্যায় গ্রেপ্তার আতিকুল ইসলামের বসতবাড়ি পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। আজ রোববার দুপুরে উপজেলার চতরা ইউনিয়নের বড় বদনাপাড়া গ্রামেছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগঞ্জে মা ও মেয়েকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার আতিকুল ইসলামের বসতবাড়ি আগুনে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। আজ রোববার দুপুরে উপজেলার চতরা ইউনিয়নের বড় বদনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন আজ দুপুর পৌনে ১২টার দিকে বড় বদনাপাড়া গ্রামে আতিকুলের বাড়িতে যান। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা তাঁর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ সময় তাঁরা আতিকুলের দ্রুত বিচার করে ফাঁসির দাবি জানান।

খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা বড় বদনাপাড়া গ্রামে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। সেখানে আসে পীরগঞ্জ থানা পুলিশও। কিন্তু ততক্ষণে আতিকুল ইসলামের তিনটি টিনের ছাউনি ও বেড়া দেওয়া বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

আতিকুলের বাড়ি পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের বড় বদনাপাড়া গ্রামে। তাঁর বাবার নাম মৃত মনসুর আলী। ওই বাড়িতে আতিকুলের মা আতিয়া বেগম (৫৫) ও তাঁর ছোট ভাই নাজমুল ইসলামের স্ত্রী পিংকি (২৫) থাকতেন। তাঁরা উভয়ে এখন থানা হেফাজতে রয়েছেন। নাজমুল বিদেশে থাকেন বলে এলাকাবাসী জানিয়েছেন।

থানা–পুলিশ সূত্রে জানা যায়, দেলোয়ারা বেগম নামের এক নারী ও তাঁর চার বছরের মেয়ে সায়মা বেগম হত্যায় আতিকুল জড়িত। দেলোয়ারা বেগমকে হত্যার অভিযোগে আতিকুলকে গতকাল বিকেলে গ্রেপ্তার করা হয়। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে করতোয়া নদীর ধারে কাদামাটি চাপা দিয়ে রাখা দেলোয়ারার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করে পুলিশ। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে আতিকুল স্বীকার করেন, মাস দেড়েক আগে সায়মাকে হত্যা করে লাশ বস্তায় ভরে তাঁর বাড়ির পাশে পুঁতে রেখেছেন। আজ সকালে সেখান থেকে শিশুটির পচে যাওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক বলেন, মা-মেয়েকে হত্যার ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা গ্রেপ্তার আতিকুলের বসতবাড়ি আগুনে পুড়িয়ে দিয়েছে। এলাকার লোকজনকে শান্ত থাকতে অনুরোধ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।

গত শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে পীরগঞ্জের চতরা ইউনিয়নের বড় বদনাপাড়া গ্রামের পাশে মরিচখেত থেকে মাথাহীন অজ্ঞাতনামা হিসেবে দেলোয়ারা বেগমের লাশ উদ্ধার করেছিল পুলিশ। পরে পুলিশ নিশ্চিত হয়, হত্যার শিকার ওই নারীর নাম দেলোয়ারা বেগম। তিনি নীলফামারী জেলার জলঢাকা উপজেলার পশ্চিম গোলমুন্ডা গ্রামের রবিউল ইসলামের মেয়ে। তাঁর বিয়ে হয়েছিল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গুমানিগঞ্জ গ্রামে। পরে স্বামীর সঙ্গে দেলোয়ারার বিবাহবিচ্ছেদ ঘটে। আতিকুল ও দেলোয়ারা গ্রামগঞ্জে গানবাজনা করতেন।

আরও পড়ুন