১ বছরের সাজা এড়াতে পালিয়ে ছিলেন ৯ বছর
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মারামারি মামলায় ১ বছরের সাজা এড়াতে ৯ বছর পালিয়ে ছিলেন তিনি। কিন্তু শেষরক্ষা হয়নি। ধরা পড়ে গেলেন পুলিশের হাতে। ওই আসামির নাম আমিন মিয়া (৫৫)। গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আমিন মিয়া নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার মডেল থানার আবুল হোসেনের ছেলে। তাঁকে গ্রেপ্তারের বিষয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, ২০০৪ সালে ফতুল্লা মডেল থানায় দায়ের করা দস্যুতা ও মারামারির মামলায় ২০১৩ সালে আমিনকে ১ বছরের সাজা দেন আদালত। রায় ঘোষণা হলেও তিনি দীর্ঘদিন ধরে পলাতক। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাত পৌনে একটার দিকে লামাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক প্রথম আলোকে বলেন, সাজাপ্রাপ্ত আসামি আমিন মামলার রায়ের পর থেকেই পলাতক ছিলেন। রায়ের ৯ বছর পর তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার দুপুরে আমিনকে নারায়ণগঞ্জের আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।