বৃদ্ধাকে গরম ইস্তিরির ছ্যাঁকা, পুত্রবধূ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুত্রবধূর গরম ইস্তিরির ছ্যাঁকায় শাশুড়ির পিঠ ঝলসে গেছে
ছবি: সংগৃহীত

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় এক গৃহবধূ তাঁর শাশুড়ির পিঠে গরম ইস্তিরি দিয়ে ছ্যাঁকা দিয়েছেন। এ ঘটনায় করা মামলা অভিযুক্ত পুত্রবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে সন্ধ্যা সাড়ে সাতটায় আক্কেলপুর পৌর শহরের নিচা বাজার মহল্লায় ঘটনাটি ঘটে।

গ্রেপ্তার গৃহবধূর নাম শাহিনারা বেগম (৪০)। তিনি আক্কেলপুর পৌর শহরের নিচা বাজার মহল্লার গোলাম মোস্তফার স্ত্রী।

মামলার এজাহার ও পরিবার সূত্রে জানা যায়, গোলাম মোস্তফার মা মাহমুদা বেগম চার ছেলের বাড়িতে দুই মাস করে পর্যায়ক্রমে থাকেন। ৬ জুলাই থেকে বড় ছেলে গোলাম মোস্তফার নিচা বাজার মহল্লার বাড়িতে ছিলেন। পারিবারিক বিভিন্ন বিষয়ে গোলাম মোস্তফার সঙ্গে তাঁর স্ত্রী শাহিনারা বেগমের ঝগড়া লেগেই থাকত। বৃহস্পতিবার সন্ধ্যায় শাহিনারা বাসায় শাশুড়ির শোবার ঘরে কাপড় ইস্তিরি করছিলেন। এমন সময় স্বামী-স্ত্রীর মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে শাহিনারা গরম ইস্তিরি নিয়ে তাঁর শাশুড়ির পিঠে ছ্যাঁকা দেন। বৃদ্ধার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসা শেষে তাঁকে আবার বড় ছেলের বাড়িতে আনা হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই মাহমুদার ছোট ছেলে সৈয়দ জিল্লুর রহমান বাদী হয়ে থানায় একটি মামলা করেন। পুলিশ রাতেই অভিযুক্ত শাহিনারা বেগমকে গ্রেপ্তার করে। সৈয়দ জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ভাবি আমার ৮৫ বছরের বৃদ্ধা মায়ের পিঠে গরম ইস্তিরি ছ্যাঁকা দিয়েছেন। এতে আমার মায়ে পিঠ ফোসকা পড়েছে।’
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক প্রথম আলোকে বলেন, বৃদ্ধার পিঠে গরম ইস্তিরির ছ্যাঁকা দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত পুত্রবধূকে গ্রেপ্তার করা হয়েছে।