মাদারীপুরে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীর ‘রহস্যজনক’ মৃত্যু
মাদারীপুর নার্সিং ইনস্টিটিউটের এক শিক্ষার্থীর ‘রহস্যজনক’ মৃত্যু হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় জেলা সদর হাসপাতালে তাঁর মৃত্যু হয়। লিমা খাতুন (২১) নামের ওই শিক্ষার্থী ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার চররঘুনাথ গ্রামের মৃত বেল্লাল হোসেনের মেয়ে ও চাঁনমিয়ার স্ত্রী ছিলেন।
পুলিশ ও নার্সিং ইনস্টিটিউটের সূত্র জানায়, লিমা খাতুন নার্সিং ইনস্টিটিউটের আবাসিক হোস্টেলের চতুর্থ তলায় থাকতেন। রাতে কক্ষের অন্য সহপাঠীদের কিছু না বলে শৌচাগারে যান তিনি। দীর্ঘক্ষণ পরও ফিরে না এলে সন্দেহ হয় সহপাঠীদের। পরে তাঁরা শৌচাগারের ভেন্টিলেটর ভেঙে ঝুলন্ত অবস্থায় লিমাকে উদ্ধার করে রাত ১২টার দিকে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে লিমাকে উন্নত চিকিৎসার জন্য রাত দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে বলেন চিকিৎসকেরা।
পরে সদর হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে ওঠানোর সময় তাঁর মৃত্যু হয়।
মাদারীপুর জেলা সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা রিয়াদ মাহমুদ বলেন, ওই শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আনার দুই ঘণ্টা পর তাঁর মৃত্যু হয়। প্রথমে সাধ্যমতো চেষ্টা করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশে নেওয়া হচ্ছিল। কিন্তু অ্যাম্বুলেন্সে ওঠানোর সময় তিনি মারা যান।
শিক্ষার্থী লিমার মৃত্যুর বিষয়ে কিছুই জানে না নার্সিং ইনস্টিটিউট কর্তৃপক্ষ। ইনস্টিটিউটের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক পারিসা খাতুন বলেন, ওই শিক্ষার্থীর পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবার থেকেও আপাতত কিছুই বলছে না। এটি কী কারণে ঘটেছে সহপাঠীরাও মুখ খুলছে না। হোস্টেল কর্তৃপক্ষ এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে। ময়নাতদন্তের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা—কোনো কিছুই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয় তদন্ত চলছে।