বর গেলেন হাতির পিঠে, নববধূকে নিয়ে ফিরলেন ঘোড়ার গাড়িতে
জয়পুরহাট সদর উপজেলায় এক ব্যতিক্রমী বিয়ের আয়োজন আলোড়ন তৈরি করেছে। হাতির পিঠে চড়ে বরের আগমন এবং বিয়ের পর নববধূকে নিয়ে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে ফেরার দৃশ্য দেখতে ভিড় করে উৎসুক মানুষ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার চকমোহন গ্রামের ফজলুর রহমানের ছেলে ফারহান ফয়সাল (২৮) প্রায় ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে হাতির পিঠে চড়ে কনের বাড়িতে পৌঁছান। কনে ফারহানা আক্তার (২৬) একই উপজেলার পশ্চিম পুরানাপৈল সোনারপাড়া গ্রামের দুলাল হোসেনের মেয়ে। এ আয়োজন দেখতে পথজুড়ে মানুষের ভিড় জমে যায় এবং অনেক পথচারী দাঁড়িয়ে বিষয়টি উপভোগ করেন।
বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বর ও নববধূ সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে বরের বাড়িতে ফেরেন। এ সময় আনন্দঘন পরিবেশে স্বজনদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে দুই পরিবার।
নববধূ ফারহানা আক্তার বলেন, ‘আমার বিয়েতে বর হাতিতে চড়ে এসেছে, আবার আমি ঘোড়ার গাড়িতে করে শ্বশুরবাড়ি ফিরেছি। এটি জীবনের এক অন্য রকম অনুভূতি—যা ভাষায় প্রকাশ করা কঠিন।’
নিজের শখ পূরণে এই ব্যতিক্রমী বিয়ের আয়োজন করা হয় জানিয়ে বর ফারহান ফয়সাল বলেন, ‘হাতির পিঠে চড়ে বিয়ে করার গল্প অনেক শুনেছি। বাস্তবে তা করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে।’
বরের বাবা ফজলুর রহমান জানান, ছেলের এই আয়োজন করতে প্রায় অর্ধলক্ষ টাকা ব্যয় হয়েছে। তবে ব্যতিক্রমী এই আয়োজন ঘিরে দুই পরিবারই আনন্দ উপভোগ করেছে।
কনের বাবা দুলাল হোসেন বলেন, ছোট মেয়ের বিয়েতে কিছু ভিন্ন করার ইচ্ছা ছিল। সেই ইচ্ছা থেকেই এমন আয়োজন। এতে দুই পরিবারের স্বজনেরা আনন্দ পেয়েছেন। নবদম্পতির জন্য সবার কাছে দোয়া কামনা করেন তিনি।