সড়কে চাঁদাবাজির সুযোগ নেই: লক্ষ্মীপুরে পানিসম্পদমন্ত্রী
পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সারা দেশে সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই। আর লক্ষ্মীপুরে তো নেই-ই। আজ শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পানিসম্পদমন্ত্রী তিন দিনের সফরে গতকাল বৃহস্পতিবার রাতে নিজ জেলা লক্ষ্মীপুরে এসেছেন। আজ শুক্রবার ও আগামীকাল শনিবার তিনি লক্ষ্মীপুর থাকবেন। দুই দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
আজ সকালে সার্কিট হাউসে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন শহীদ উদ্দীন চৌধুরী। এর আগে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।
শহীদ উদ্দীন চৌধুরী বলেন, ‘দেশব্যাপী খাল খনন করা হবে। ১৮০ দিনের কর্মসূচির মধ্যে সর্বোচ্চ সেটা করা হবে। খুব শিগগির খাল খনন কর্মসূচি শুরু হবে। সেটার মধ্যে লক্ষ্মীপুরও অন্তর্ভুক্ত থাকবে। লক্ষ্মীপুরের জলাবদ্ধতা দূরীকরণের জন্য ইতিমধ্যে বৃহত্তর নোয়াখালীর মধ্যে একটি নতুন প্রকল্প—ভুলুয়া নদী খনন এবং রহমতখালী খান পুনঃখনন। আমরা যদি এ প্রকল্পটি হাতে নিতে পারি লক্ষ্মীপুরে যে জলাবদ্ধতা-ব্যাধি দীর্ঘদিনের মানুষের যেই কষ্টের জায়গা, সেখান থেকে আমরা মুক্ত হতে সক্ষম হব। পরিকল্পনা অনুযায়ী প্রকল্প গ্রহণ করার ইচ্ছা আছে, আমরা সেদিকেই নজর দিচ্ছি। মেঘনা নদী ও রহমতখালী খাল পাড়ে ভাঙন আছে। ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে তা সমাধান করার লক্ষ্যে উদ্যোগ নেওয়া হয়েছে।’
পানিসম্পদমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে মন্ত্রিপরিষদের সভা করেছেন। আইনশৃঙ্খলা যেন সুন্দরভাবে থাকে সেদিকে বিশেষ নজর দিয়েছেন। রমজান মাসে যেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকে, পাশাপাশি এলাকার উন্নয়ন আমরা কীভাবে অব্যাহত রাখব, সেটা যেকোনো ডিপার্টমেন্টে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। সদর হাসপাতালে মানুষের মৌলিক অধিকার চিকিৎসা নিয়ে বিশেষ নজর রাখছি।’
সার্কিট হাউসে শহীদ উদ্দীন চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী প্রমুখ।