সিলেটে পিকআপের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, পুলিশ কর্মকর্তার মৃত্যু
সিলেটে পিকআপের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক পুলিশ কর্মকর্তা মারা গেছেন। রোববার রাত নয়টার দিকে সিলেট নগরের আম্বরখানা এলাকায় পুলিশ ফাঁড়ির পাশেই এ ঘটনা ঘটে।
নিহত বোরহান উদ্দিন (৩৫) সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানা আম্বরখানা ফাঁড়িতে সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের কান্দিগ্রামের গ্রামের মৃত হজরত উল্লাহর ছেলে।
স্থানীয় লোকজন ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, এএসআই বোরহান উদ্দিন রোববার কাজ শেষ করে সিএনজিচালিত অটোরিকশায় করে কর্মস্থল আম্বরখানা ফাঁড়ির দিকে যাচ্ছিলেন। অটোরিকশাটি আম্বরখানা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা চৌহাট্টাগামী এক পিকআপের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করে তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ বলেন, রোববার রাতে কাজ শেষে ফাঁড়িতে ফেরার পথে এ ঘটনা ঘটে। এ সময় সিএনজিচালিত অটোরিকশায় বোরহান একাই ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে অটোরিকশার চালক আহত হননি। তাঁকে আপাতত আটক করা হয়েছে। এ ঘটনায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। নিহত ব্যক্তির লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।