চট্টগ্রামের আনোয়ারায় ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড কৈখাইন গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কিশোরীর নাম নুরতাজ আক্তার (১৬)। সে একই এলাকার আজাদুল ইসলামের মেয়ে। দুই ভাই ও দুই বোনের মধ্যে সে ছিল বড়।
স্থানীয় সূত্র জানায়, আজ সকালে নুরতাজের মা শাহনাজ বেগম ওই বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি কাজে যান। ওই কাজ সেরে তিনি ঘরে এসে দেখেন, নুরতাজের মরদেহ সিলিং ফ্যানে ঝুলছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
জানতে চাইলে নুরতাজের মা শাহনাজ বেগম বলেন, ‘আমি ঘর থেকে বের হওয়ার সময় নুরতাজের হাতে কিছু টাকা দিয়েছিলাম। ছোট ভাই স্কুল থেকে এলে দোকান থেকে কিছু কিনে দিতে বলেছিলাম। কিন্তু এসে দেখি, মেয়ের লাশ ফ্যানের সঙ্গে ঝুলছে। কীভাবে কী হলো, বুঝতে পারছি না।’
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। প্রতিবেদন পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’