কক্সবাজার জেলা জজকে প্রত্যাহারের দাবিতে আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
ইচ্ছেমতো আদালত পরিচালনা, স্বেচ্ছাচারিতা ও দুর্ব্যবহারের অভিযোগে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের প্রত্যাহারের দাবিতে আদালতের সার্বিক কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছে জেলা আইনজীবী সমিতি।
শনিবার সন্ধ্যায় আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেন আইনজীবীরা। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ইকবালুর রশিদ আমিন সোহেল।
সভাশেষে ইকবালুর রশিদ প্রথম আলোকে বলেন, সুপ্রিম কোর্টের নিয়মানুযায়ী সকাল সাড়ে নয়টা থেকে আদালত চালু হওয়ার কথা। কিন্তু জেলা ও দায়রা জজ নিজের খেয়ালখুশিমতো আদালতে আসেন। ইচ্ছেমতো আদালত পরিচালনা করেন। মিস (বিবিধ) মামলার পরবর্তী তারিখ আদালতে প্রকাশ করার রীতি থাকলেও তিনি তা করেন না। তিনি খাসকামরায় ওই মামলাগুলোর শুনানি করেন, জামিনও দেন। আদালতে দেওয়া আদেশে স্বাক্ষর না করে বিচারপ্রার্থীদের হয়রানি করেন। আইনজীবীদের সঙ্গে প্রায় সময় দুর্ব্যবহার করেন। এ জন্য বিশেষ সভা ডেকে আইনজীবীদের সিদ্ধান্ত নিয়ে তাঁর আদালত বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে।
বিচারক মোহাম্মদ ইসমাইলকে প্রত্যাহার না করা পর্যন্ত আদালত বর্জন কর্মসূচি চলবে জানিয়ে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক তাওহীদুল আনোয়ার বলেন, চলতি বছরের ১৪ জুলাই জেলা লিগ্যাল এইডের বৈঠকে জেলার সব আইনজীবীকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ বক্তব্য দেন বিচারক মোহাম্মদ ইসমাইল। আইনজীবীরা সেদিন প্রতিবাদ করে ক্ষমা চাইতে বললেও তিনি তা আমলে নেননি। এ বিষয়ে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়, প্রধান বিচারপতিসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের লিখিতভাবে জানানো হয়েছিল। বাধ্য হয়ে আইনজীবীরা আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন। রোববার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ফরিদুল আলম বলেন, জেলা আইনজীবী সমিতির বিশেষ সভায় জেলা ও দায়রা জজ আদালতের সব কার্যক্রম বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন আইনজীবীরা। এ ক্ষেত্রে তাঁর কিছুই করার নেই।
আইনজীবীদের অভিযোগের বিষয়ে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের বক্তব্য পাওয়া যায়নি। তবে নাম প্রকাশ না করার শর্তে আদালতের একজন কর্মকর্তা বলেন, বিচারক মোহাম্মদ ইসমাইলের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন ও মনগড়া। বিচারকের সুনাম ক্ষুণ্ন করতে আইনজীবীরা আদালত বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন। এতে বিচারপ্রার্থীরা ন্যায়বিচার পাওয়া থেকে বঞ্চিত হবেন।