আদালতে গালিগালাজ চলতে পারে না: রুমিন ফারহানা
সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, ‘কিছুদিন আগে ব্রাহ্মণবাড়িয়া আদালতে যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত লজ্জাজনক। বারের সভাপতি গিয়ে যেভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন একজন জজ সাহেবকে, তা আদালতে চলতে পারে না।’
শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পুনিয়াউট এলাকায় বিএনপির ১০ দফা দাবি ও রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা বিষয়ে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
বিচারকদের উদ্দেশে রুমিন ফারহানা বলেন, ‘আমি একই সঙ্গে এই কথাও বলব, আদালতে এত দিন আপনারা কী করেছেন। নিম্ন আদালত থেকে উচ্চ আদালত, যখনই দেখেছেন বিএনপির নেতা–কর্মী, তখনই তাঁদের জেলে ভরছেন। যখনই দেখছেন বিএনপির নেতা–কর্মী, তাদের জামিন দেন নাই। সরকারের ইশারায় আপনারা চলছেন। এখন সরকারের লোকেরাও মনে করেন আপনারা তাঁদের...আর বললাম না। আর বলতে চাই না। আজকে আপনাদের এই যে বেইজ্জতি, যে অবস্থা এখানে এসে দাঁড়িয়েছে, এর জন্য আপনারাই দায়ী।’
সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১–এর বিচারক (জেলা জজ) মোহাম্মদ ফারুকের সঙ্গে এজলাস চলাকালে আইনজীবীদের বাদানুবাদের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ৩ মিনিট ১৩ সেকেন্ডের ভিডিওটি ১ জানুয়ারির।
ভিডিওতে দেখা যায়, জেলা জজ মোহাম্মদ ফারুক বিচারকার্য পরিচালনার জন্য এজলাসে ওঠেন। এরপর দৈনন্দিন কার্যতালিকার নির্ধারিত মামলাগুলো শুনানির জন্য নেন। দুপুর সাড়ে ১২টার দিকে জেলা আইনজীবী সমিতির সভাপতি তানভীর ভূঁইয়া, সম্পাদক (প্রশাসন) আক্কাস আলী, আইনজীবী জুবায়ের ইসলামসহ ১০ থেকে ১৫ জন আইনজীবী সেখানে যান। এ সময় আইনজীবীরা জেলা জজের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও গালাগাল করেন এবং তাঁকে এজলাস থেকে নেমে যেতে বলেন।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সদ্য পদত্যাগকারী সংসদ সদস্য আবদুস সাত্তার ভূঁইয়ার উপনির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, ‘ঘটনাটি নিঃসন্দেহে দুঃখজনক। যত দূর আমি জানি, তাঁর (উকিল আবদুস সাত্তার ভূঁইয়া) ওপর সরকারের একটা প্রচণ্ড চাপ আছে। সরকার যেকোনোভাবেই আমাদের পদত্যাগকে বিতর্কিত করতে চেয়েছে। সরকার এটা সফলভাবে করেছে। এবং আবদুস সাত্তার ভূঁইয়াকে চাপ দিয়ে নির্বাচনে আনা হয়েছে বলে আমার ধারণা।’
সংরক্ষিত আসনের সাবেক এই সংসদ সদস্য বলেন, ‘গত ১৫ বছরে আমরা দেখেছি, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার পক্ষের-বিপক্ষের শক্তি ইত্যাদি ইত্যাদি শব্দ দিয়ে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ—যেগুলোর কোনো অস্তিত্ব বাংলাদেশে নেই, এগুলো তাঁরা নিয়ে এসে জাতিকে দুই ভাগে বিভক্ত করেছে। আমরা এই বিভক্ত জাতিকে আবারও ঐক্যবদ্ধ করব।’
রুমিন ফারহানা আরও বলেন, ‘নির্বাচনে আওয়ামী লীগের কারচুপি সেই ’৭৩ সাল থেকে শুরু হয়ে ২০১৮ সাল পর্যন্ত চলেছে। আমরা পরিষ্কারভাবে বলেছি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের যে ক্ষমতা, সেই জায়গায় একটা ভারসাম্য আমরা নিয়ে আসব। পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির দায়িত্ব কেউ পালন করতে পারবে না। এই রকম যুগান্তকারী ঘোষণা বিএনপি দিতে পারে।’