চট্টগ্রাম নগরে ঝুট কাপড়ের গুদামে আগুন
চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলি এলাকায় একটি ঝুট কাপড়ের গুদামে আগুন লেগেছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মোস্তফা হাকিম ডিগ্রি কলেজ রোডে অবস্থিত গার্টেক্স গার্মেন্টসের পাশে গুদামটিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ জানায়, সকাল ১০টা ২০ মিনিটে মোস্তফা হাকিম ডিগ্রি কলেজ সড়কে একটি গার্মেন্টসের পাশে থাকা ঝুটের গুদামে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগ্রাবাদ, বায়েজিদ ও বন্দর ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
সরেজমিনে দেখা যায়, চারপাশে তীব্র কালো ধোঁয়া। মুখে হাত দিয়ে ছোটাছুটি করছেন স্থানীয় বাসিন্দারা। নিরাপদের সরিয়ে নিচ্ছেন গুদামে থাকা মালামাল। কেউ কেউ যোগ দিয়েছেন ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নেভানোর কাজে।
স্থানীয় বাসিন্দা রনি চৌধুরী বলেন, সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশে একটি স্থান থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। পরে সেখানে ছুটে গিয়ে ঝুটের গুদামে আগুন দেখতে পান তিনি।
গুদামটির পাশে দুটি ভবনের ছাদ থেকেও আগুন নেভানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের সদস্যরাসহ স্থানীয় লোকজন। ধোঁয়ার কারণে দুই ভবন থেকেই বাসিন্দারা নিচে নেমে এসেছেন।
চট্টগ্রাম শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ লিয়াকাত হোসেন প্রথম আলোকে বলেন, আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তবে এখনো সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে। ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে বলা যাবে।